ঢাকা অফিস।।
দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বইছে শৈত্যপ্রবাহ। এ অবস্থা আরও দুদিন থাকতে পারে। মঙ্গলবারের (৪ জানুয়ারি) তুলনায় বুধবার (৫ জানুয়ারি) তাপমাত্রা আরও কিছুটা কমেছে। বুধবার রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড়, কুড়িগ্রাম যশোর ও চুয়াডাঙ্গা জেলাগুলোর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাবে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকার কোথাও কোথায় বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুর পর্যন্ত ঘন কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুলিয়ায় ৮ দশমিক ৭, গতকাল তেতুলিয়ায় তাপমাত্রা ছিল ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় বুধবার ১ ডিগ্রি কমে ১৩ দশমিক ৩, মঙ্গলবার ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। একইভাবে ময়মনসিংহে মঙ্গলবার ছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, বুধবার প্রায় একই আছে ১২ দশমিক ৬, চট্টগ্রামে মঙ্গলবার ছিল ১৫ দশমিক ৬, বুধবার ১৫ দশমিক ৫, সিলেটে মঙ্গলবার ছিল ১৩ দশমিক ৫, বুধবার ১৩ দশমিক ৯, রাজশাহীতে মঙ্গলবার ছিল ১০ দশমিক ৫, বুধবার ১ ডিগ্রি কমে ৯ দশমিক ৫, রংপুরে মঙ্গলবার ছিল ১০ দশমিক ৩, বুধবার ১০ দশমিক ৬, খুলনায় মঙ্গলবার ছিল ১২, বুধবার ১২ দশমিক ৫ এবং বরিশালে মঙ্গলবার ছিল ১০ দশমিক ৯, বুধবার ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘আজও শৈত্যপ্রবাহ একই থাকতে পারে। আরও কিছু এলাকায় এই প্রবাহ ছড়িয়ে পড়তে পারে। উত্তরাঞ্চলের কোথাও কোথাও রাতের তাপমাত্রা আরও সামান্য কিছুটা কমতে পারে। এছাড়া অনেক এলাকায় দুপুর পর্যন্ত কুয়াশা পড়তে পারে। দেশের তিন জেলায় তাপমাত্রা এখন ১০-এর নিচে আছে। রাজশাহীতে ৯ দশমিক ৫, পঞ্চগড়ের তেতুলিয়ায় ৮ দশমিক ৭ এবং কুড়িগ্রামের রাজারহাটে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ১০-এর ঘরে আছে ঈশ্বরদী, বদলগাছি, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, ডিমলা, যশোর ও চুয়াডাঙ্গা। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কিছু কিছু এলাকায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এ অবস্থা অব্যাহত থাকতে পারে। সারা দেশে রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনে সামান্য বৃদ্ধি পেতে পারে।










































