Home খেলাধুলা সাংবাদিক রোজিনাকে হেনস্তা ও গ্রেপ্তার: ক্রিকেট মাঠে প্রতিবাদ

সাংবাদিক রোজিনাকে হেনস্তা ও গ্রেপ্তার: ক্রিকেট মাঠে প্রতিবাদ

10

০ স্পোর্টস ডেস্ক

সচিবালয়ে আটকে রেখে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশের পাশাপাশি প্রতিবাদ জানিয়েছেন ক্রীড়া সাংবাদিকেরা। প্রতিবাদ কর্মসূচিতে সাংবাদিকদের হাতে থাকা ব্যানারে লেখা লেখা ছিলো, ‘সাংবাদিকতা কোনো অপরাধ নয়।’ , ‘রোজিনার মুক্তি চাই।’

মঙ্গলবার (১৮ মে) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে জড়ো হয়ে অবিলম্বে রোজিনার মুক্তির দাবি করেছেন তারা।

ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদ বলেন, পেশাগত কারণে তথ্য সংগ্রহ করা একজন সাংবাদিকের দায়িত্ব, এটা কোন অপরাধ নয়। সাংবাদিক রোজিনাকে পেশাগত দায়িত্ব পালনে বাধা দিয়ে, হেনস্থা করে অপরাধ করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা। সাংবাদিক রোজিনা তার প্রতিবেদনের মাধ্যমে অনিয়ম, দুর্নীতি তুলে ধরছিলেন।

বেসরকারি টেলিভিশন এনটিভির ক্রীড়া প্রতিবেদক বর্ষণ কবির বলেন সাংবাদিক রোজিনার গলা চেপে ধরে সকল সাংবাদিকদের ভয়ংকর বার্তা দেওয়া হয়েছে, আমরা ছবিতে দেখেছি একজন কর্মকর্তা সাংবাদিক রোজিনার গলা চেপে ধরছেন। এতে করে পুরো সাংবাদিক সমাজকে একটা ভয়ংকর বার্তা দেওয়া হলো। একটি গণতান্ত্রিক দেশের জন্য যা মোটেও সুখকর নয়।

তারা অবিলম্বে সাংবাদিক রোজিনার মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

গতকাল সোমবারপেশাগত দায়িত্ব পালনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে সাংবাদিক রোজিনাকে সেখানে পাঁচ ঘণ্টার বেশি সময় আটকে রেখে হেনস্তা করা হয়। এক পর্যায়ে, তিনি অসুস্থ হয়ে পড়েন। রাত সাড়ে ৮টার দিকে পুলিশ রোজিনাকে শাহবাগ থানায় নিয়ে যায়।

রাত পৌনে ১২টার দিকে পুলিশ জানায়, রোজিনার বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়েছে। তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।