Home আঞ্চলিক কালীগঞ্জের ক্লিনিক থেকে চুরি যাওয়া নবজাতক ১৫ ঘন্টার মধ্যে উদ্ধার

কালীগঞ্জের ক্লিনিক থেকে চুরি যাওয়া নবজাতক ১৫ ঘন্টার মধ্যে উদ্ধার

20

ক্লিনিক থেকে চুরি হওয়ার ১৫ ঘন্টা পর ঝিনাইদহের কালীগঞ্জের নিশ্চিন্তপুর দাসপাড়া থেকে নবজাতককে উদ্ধার করে মায়ের কোলে তুলে দিলো র‌্যাব। মঙ্গলবার সকাল ১০ টার দিকে ওই পাড়ার প্রিয়া খাতুন-জাহাঙ্গীর দম্পত্তির ভাড়ায় বসবাস করা বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনার সাথে জড়িত থাকায় প্রিয়া খাতুনকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কামাল উদ্দিন জানান, ঘটনাটি জানার পর থেকেই চুরি হওয়া কন্যা শিশুটির উদ্ধারে রাতঘর বিভিন্ন স্থানে অভিযান চালায় র‌্যাবের একাধীক টিম। এরপর গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় উপজেলার নিশ্চিন্তপুর দাসপাড়ায় আছে শিশুটি। পরে সেখানে অভিযান চালিয়ে প্রিয়া খাতুন-জাহাঙ্গীর দম্পত্তির ভাড়ায় বসবাস করা বাড়ি থেকে নবজাতক শিশুটিকে উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত প্রিয়া খাতুনকে আটক করা হয়। তবে স্বামী পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদে প্রিয়া জানায় দীর্ঘদিন তাদের সন্তান হচ্ছিল না। তাই দু-জন পরামর্শ করে শিশুটিকে চুরি করেছিল। আমরা সেবা ক্লিনিক টিতে গিয়ে শিশুটিকে তার পরিবারের কাছে তুলে দিয়েছি।

উল্লেখ্য, সোমবার সকালে কালীগঞ্জের বলিদাপাড়ার ইউজিবাইক চালক মনিরুল ইসলামের স্ত্রী শাবানা বেগমের প্রসব যন্ত্রনা শুরু হলে শহরের সেবা ক্লিনিকে ভর্তি করা হয়। দুপুর আড়াইটার দিকে সিজারের মাধ্যমে ফুটফুটে কন্যা সন্তান ভুমিষ্ট হয়। এরপর ক্লিনিকের ৩নং কেবিনে তাদের রাখা হয়। সেখান থেকে ইফতারের সময় চুরি হয়ে যায় শিশুটি।

– সাবজাল হোসেন,কালীগঞ্জ (ঝিনাইদহ) ॥