করোনা ঠেকাতে এক সপ্তাহের ডাকা কঠোর লকডাউনের প্রথমদিন পার হয়েছে। আগের সপ্তাহের তুলনায় আজ বুধবার (১৪ এপ্রিল) মণিরামপুরে অধিকাংশ মানুষকে লকডাউন মেনে ঘরে থাকতে দেখা গেছে।
সকাল থেকে মণিরামপুর বাজারের রাস্তায় ট্রাকসহ ভ্যান ইজিবাইকের ভিড় মোটামুটি থাকলেও কাঁচাবাজার, মাছবাজার ও মুদিখানার দোকানগুলোতে ক্রেতাসমাগম ছিল অন্যদিনের তুলনায় কম। বাজারের কাপড় ও গার্মেন্টস পট্টিতে দোকানদারদের বন্ধ দোকানের সামনে অপেক্ষায় থাকতে দেখা গেছে।
তবে পৌরশহরের তুলনায় উপজেলার অন্য বাজারগুলোতে লকডাউন কার্যকর হয়েছে বেশি। বন্ধ ছিল চা দোকান। মুদি ও ওষুধের দোকান ছাড়া দুই একটি কাপড়ের দোকান খোলা থাকতে দেখা গেছে।
এদিকে লকডাউন কার্যকর করতে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত মাঠে ছিল উপজেলা প্রশাসন, এসিল্যান্ড, ওসি সহ থানা ও ফাঁড়ি পুলিশ। লকডাউন অমান্যকরে দোকান খোলা রাখার দায়ে পৃথক অভিযান আজ চার ব্যবসায়ীকে জরিমানা করেছেন ইউএনও সৈয়দ জাকির হাসান ও এসিল্যান্ড পলাশ দেবনাথ।
ইউএনও সৈয়দ জাকির হাসান অভিযান চালিয়ে রাজগঞ্জ বাজারের ইলেক্ট্রনিকসের দোকানি সুধাংশুকে দুই হাজার টাকা, রোহিতা বাজারের গার্মেন্টসের দোকানি নূরমোহম্মদকে ৫০০ টাকা ও বেলতলা বাজারের কাপড়ের দোকানি হযরত আলীকে ৫০০ টাকা জরিমানা করেছেন। একইসাথে এসিল্যান্ড পলাশ দেবনাথ বাসুদেবপুর বাজারে অভিযান চালিয়ে মিজানুর রহমান নামে এক কাপড়ের দোকানিকে ২০০ টাকা জরিমানা করেছেন।
ভ্রাম্যমাণ আদালতের দুই বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম ও ফাহিম আল মোমিন জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।
– মণিরামপুর (যশোর) প্রতিনিধি









































