Home আঞ্চলিক প্রয়াত এসআই হাসানের বাবাকে একটি ইজিবাইক ও নগদ অর্থ প্রদান

প্রয়াত এসআই হাসানের বাবাকে একটি ইজিবাইক ও নগদ অর্থ প্রদান

22

কেশবপুরের সন্তান পাবনার আতাইকুলা থানার প্রয়াত উপ-পরিদর্শক হাসান আলীর বাবা আব্দুল জব্বার বিশ্বাসকে একটি ইজিবাইক ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। পাবনা জেলা পুলিশের উদ্যোগে ও তার সহকর্মীদের আর্থিক সহযোগীতার টাকায় ওই গাড়িটি কিনে দেওয়া হয়। সোমবার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান প্রয়াত উপ-পরিদর্শক হাসানের বাবার হাতে গাড়ির চাবি ও নগদ অর্থ তুলে দেন।

জানা গেছে, প্রয়াত উপ-পরিদর্শক হাসান আলীর পরিবারটির দুর্দশা কিছুটা লাঘব করার সিদ্ধান্ত নেন তার সহকর্মীরা। এ লক্ষে জেলা পুলিশ সদস্যদের এগিয়ে আসার জন্য মানবিক আবেদন জানান তারা। মানবিক আবেদনে সাড়া দিয়ে হাসান আলীর অসহায় পরিবারের পাশে দাঁড়াতে পাবনা জেলা পুলিশের সদস্যরা আর্থিক সহযোগিতা প্রদান করেন। সেই টাকা দিয়ে কেনা হয় একটি ইজিবাইক। সোমবার পাবনা পুলিশ সুপারের আমন্ত্রণে প্রয়াত হাসান আলীর বাবা জব্বার বিশ্বাস পাবনায় যান। পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গণে জব্বার বিশ্বাসের হাতে কেনা অটোরিকশাটির চাবি তুলে দেন পুলিশ সুপার মহিবুল ইসলাম খাঁন। একইসাথে পাবনা পুলিশ সুপারের পক্ষ থেকেও দেয়া হয়েছে নগদ টাকা। এ সময় জেলা পুলিশের বেশ কিছু কর্মকর্তা-কর্মচারীসহ হাসানের চাচা ও তার ছোট ভাই উপস্থিত ছিলেন। জেলা পুলিশের একটি পিকআপের মাধ্যমে হাসানের স্বজনসহ গাড়িটি কেশবপুরের বালিয়াডাঙ্গীতে পৌঁছে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২০ মার্চ রাতে আতাইকুলা থানার ভবনের ছাদে উঠে নিজের পিস্তল দিয়ে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাসান আলী। ২১ মার্চ সকালে আতাইকুলা থানা ভবনের ছাদে তার মৃতদেহ দেখতে পান সহকর্মীরা। একমাত্র কর্মক্ষম ছেলেকে হারিয়ে যশোর কেশবপুরের বালিয়াডাঙ্গা গ্রামের হাসান আলীর বাবা আব্দুল জব্বার বিশ্বাস পরিবারসহ আর্থিক অনটনে পড়ে যান। জব্বার বিশ্বাস ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন।

।। আলমগীর হোসেন,কেশবপুর প্রতিনিধি।।