Home আঞ্চলিক প্রশংসায় ভাসছেন জেলা শিক্ষা কর্মকর্তা অহিদুল

প্রশংসায় ভাসছেন জেলা শিক্ষা কর্মকর্তা অহিদুল

35

অবসরে যাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পেনশন ভোগান্তি লাঘবে মহতি উদ্যোগ নিয়েছেন যশোরের জেলা শিক্ষা কর্মকর্তা শেখ অহিদুল আলম। তিনি নিজে শিক্ষকদের কাগজপত্র ঠিকঠাক করে পেনশন সেবা দৌঁড় গোড়ায় পৌঁছে দিচ্ছেন। তার এই উদ্যোগে হয়রানিমুক্ত হলেন অবসরে যাওয়া শিক্ষকরা।

মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকেলে মণিরামপুরে ছয় জন অবসরে যাওয়া শিক্ষকের হাতে কাগজপত্র বুঝিয়ে দেন শেখ অহিদুল আলম। এই উপলক্ষে উপজেলা শিক্ষা কর্মকর্তার অফিসে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা শিক্ষা কর্মকর্তা সেহেলী ফেরদৌসসহ সহকারী শিক্ষা কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

সহকারী শিক্ষা কর্মকর্তা মাহিদুল ইসলাম বলেন, একসময় অবসরে যাওয়া শিক্ষকদের কাগজপত্র ঠিক করে আনতে জেলা শিক্ষা অফিসে মাসের পর মাস ঘুরতে হতো। শিক্ষকদের ভোগান্তির সীমা ছিল না। বর্তমান জেলা শিক্ষা কর্মকর্তা শেখ অহিদুল আলম যশোরে যোগ দেওয়ার পর এখন আর শিক্ষকদের পেনশনের টাকার জন্য জেলা শিক্ষা অফিসে জুতার তলা ক্ষয় করতে হয় না। স্যার নিজেই সব কাগজপত্র ঠিক করে এনে শিক্ষকদের হাতে দিচ্ছেন। বিনা হয়রানিতে কাগজপত্র পেয়ে শিক্ষকরা আনন্দে চোখের পানি ফেলছেন।

মঙ্গলবার কাগজপত্র পাওয়াদের মধ্যে একজন শৈলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন। তিনি বলেন, জেলা শিক্ষা কর্মকর্তা যে উদ্যোগ নিয়েছেন এরমত ভাল কাজ হয়না। স্যারের ঐকান্তিক মানবিকতায় আমরা এখন ঘরে বসে পেনশনের কাগজপত্র পাচ্ছি। স্যারের জন্য অনেক দোয়া রইলো।

উপজেলা শিক্ষা কর্মকর্তা সেহেলী ফেরদৌস বলেন, আগে পেনশনে যাওয়ার আগমুহূর্তে শিক্ষকরা কাগজপত্র আমার অফিসে জমা দিতেন। আমরা সেগুলো ঠিকঠাক করে স্বাক্ষরের জন্য জেলা শিক্ষা অফিসে পাঠাতাম। শিক্ষকদের যেয়ে সেখান থেকে কাগজপত্র ঠিক করিয়ে আনতে হতো। তাতে অনেক ভোগান্তির শিকার হতেন তারা। এখন জেলা শিক্ষা কর্মকর্তা নিজে স্বাক্ষর করে এনে উপজেলায় শিক্ষকদের পেনশনের কাগজপত্র বুঝিয়ে দিচ্ছেন। এটি নিঃসন্দেহ একটি ভাল উদ্যোগ।

।। মণিরামপুর (যশোর) প্রতিনিধি ।।