Home জাতীয় উচ্চ দামে কিনতে হচ্ছে অক্সিজেন সিলিন্ডার

উচ্চ দামে কিনতে হচ্ছে অক্সিজেন সিলিন্ডার

18

গত বছরের ৮ মার্চের পর ঠিক এপ্রিলের শুরু থেকেই কালো থাবায় পুরো দেশ অন্ধকারাচ্ছন্ন করে ফেলেছিল মহামারি করোনাভাইরাস। ঠিক একইভাবে চলতি বছরের শুরুটা চমৎকারভাবে হলেও মার্চে শেষ থেকেই আবারও হু হু করে বাড়তে থাকে সংক্রমণ। এপ্রিলের প্রথম সপ্তাহে যা ছাড়িয়ে যায় আগের অনেক রেকর্ড। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের শুরুতে হাসপাতালগুলোতে সৃষ্টি হতে থাকে সিট সঙ্কট। আক্রান্তদের জীবন বাঁচাতে আইসিইউ দূরে থাক, একটা সাধারণ বেডও পাচ্ছে না স্বজনরা। ফলে বাধ্য হয়ে বাড়িতে থেকেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেয় অনেকেই।

করোনার অন্যতম টার্গেট মানবদেহের ফুসফুস। আর ফুসফুস ভালো রাখতে প্রয়োজন অক্সিজেন। তাই এ রোগের চিকিৎসার অন্যতম অনুষঙ্গ হিসেবে অক্সিজেন জরুরি। তাই যারা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছে বাধ্য হয়ে অক্সিজেন সিলিন্ডারের ওপরই তারা ভরসা করে দিন পার করছে। এতে করে বাজারে তৈরি হয়েছে অক্সিজেন সিলিন্ডারের সঙ্কট। এ সুযোগে একশ্রেণির ব্যবসায়ী দাম আদায়ে শুরু করেছে স্বেচ্ছাচারিতা। যার কাছ থেকে যেমন সম্ভব দাম নিচ্ছে অনেক কোম্পানি। তবে প্রতিষ্ঠিত অক্সিজেন আমদানিকারকরা এর দায় নিতে রাজি না হয়ে দুষছে ব্রিফকেস পার্টিকে। রোগীদের জিম্মি করে ইচ্ছামতো দাম আদায়কারীদের শাস্তি চায় তারাও।

অন্যদিকে বাধ্য হয়েই বাড়িতে চিকিৎসা নেওয়া রোগীরা অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করলেও এর সঠিক ব্যবহার না জানলে মৃত্যুঝুঁকিও রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। রোববার স্বাস্থ্য অধিদফতর এক বিজ্ঞপ্তিতে জানায়, করোনা রোগীদের জন্য রাজধানীর সরকারি সাতটি হাসপাতালের ৯৮টি আইসিইউ বেডের সবগুলোতেই রোগী ভর্তি রয়েছে। কেবল মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ১৯টি বেডের মধ্যে একটি আর রাজারবাগ পুলিশ হাসপাতালে ১৫টি বেডের দুটি ফাঁকা রয়েছে। অর্থাৎ অধিদফতরের তালিকাভুক্ত সরকারি হাসপাতালের মোট ১৩২টি আইসিইউ বেডের মধ্যে রোগী ভর্তি আছে ১২৯ আর বেড ফাঁকা রয়েছে মাত্র তিনটি। এতদিন বেসরকারি হাসপাতালগুলোতে আইসিইউ বেড কিছুটা ফাঁকা থাকলেও এখন সেখানেও রোগীর চাপ বাড়ায় বেড ফাঁকা হচ্ছে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিদফতরের তালিকাভুক্ত বেসরকারি ৯টি হাসপাতালের মধ্যে ১৯২টি আইসিইউ বেডের মধ্যে সবগুলোতেই রোগী ভর্তি আছে। শুধু ইউনাইটেড হাসপাতালের ১৫টি বেডের মধ্যে একটি, এভারকেয়ার হাসপাতালের ২১টি বেডের মধ্যে দুটি, গ্রিন লাইফ হাসপাতালের ১৭টি বেডের মধ্যে একটি ফাঁকা রয়েছে। অর্থাৎ বেসরকারি হাসপাতালগুলোর মোট ২৪৫টি আইসিইউ বেডের মধ্যে ফাঁকা রয়েছে মাত্র চারটি এবং রোগী ভর্তি আছে ২৪১ জন। ফলে স্বাস্থ্য অধিদফতরের তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে মোট আইসিইউ বেড রয়েছে ৩৭৭টি, এর মধ্যে রোগী ভর্তি আছে ৩৭০ আর বেড ফাঁকা রয়েছে মাত্র সাতটি। তবে দেশের অন্যান্য হাসপাতালগুলোতে করোনা আক্রান্ত রোগীদের জন্য আইসিইউ রয়েছে মোট ৬৭২টি, এতে রোগী ভর্তি আছে ৫৩০ জন আর বেড ফাঁকা রয়েছে মাত্র ১৪২টি।

গত ২৯ মার্চ জ্বর উঠলে আইইডিসিআরের করোনা পরীক্ষার জন্য স্যাম্পল জমা দেন মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ের বাসিন্দা সামসুল হক এবং তার স্ত্রী রাশিদা বেগম। দুজনের ফল পজিটিভ এলে বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তারা। রাশিদা বেগম কিছুটা সুস্থ হয়ে উঠলেও সামসুল হকের শারীরিক অবস্থা ক্রমেই খারাপের দিকে যেতে থাকলে গত বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়সহ কয়েকটি সরকারি হাসপাতালে ভর্তির জন্য চেষ্টা করে ব্যর্থ হয়ে চিকিৎসকের পরামর্শে বাড়িতে থেকেই চিকিৎসা নেওয়া শুরু করেন। অক্সিজেন স্যাচুরেশন বারবার ৯০-এর নিচে নেমে যাওয়ায় অক্সিজেন সাপোর্ট তার জরুরি হয়ে পড়ে। হন্যে হয়ে একটি অক্সিজেন সিলিন্ডারের জন্য ঘুরতে থাকে মেয়ে বর্ণা এবং মেয়েজামাই কামরুজ্জামান নয়ন। কয়েকটি সিলিন্ডার পেলেও তার দাম আকাশছোঁয়া। কামরুজ্জামান সময়ের আলোকে জানান, গত দুদিন ধরে বিভিন্ন জায়গায় খুঁজে খুঁজে ১২ হাজার টাকা দামের একটি অক্সিজেন সিলিন্ডার কিনেছি ২৬ হাজার টাকায়। জীবন তো বাঁচাতে হবে আগে।

বাসাবোর মাদারটেকের বাসিন্দা মোহাম্মদ শফিকুল ইসলাম ইরফান ও তার মা আফরোজা বেগম প্রথমে ভর্তি হন মুগদা জেনারেল হাসপাতালে। দুদিন ভর্তি থাকার পর অবস্থার কিছুটা উন্নতি হলে হাসপাতাল থেকে তাদের রিলিজ করা হয়। কিন্তু মা আফরোজা বেগমের অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছিল বারবার। তাই বাধ্য হয়ে হন্যে হয়ে খুঁজতে থাকেন অক্সিজেন সিলিন্ডার। বাজারের উচ্চমূল্যে কেনা সম্ভব না হলে বিনামূল্যে জয় বাংলা অক্সিজেন সাপ্লাইয়ের কাছ থেকে একটি সিলিন্ডার সংগ্রহ করে মায়ের চিকিৎসায় ব্যবহার করছেন তিনি।

তিনি বলেন, পুরো চিকিৎসায় যে টাকা খরচ হয়নি একটি সিলিন্ডার কেনার জন্য এত টাকা দাবি করছিল বিক্রেতারা। তাই বাধ্য হয়ে বিকল্প উপায় খুঁজতে খুঁজতে জয় বাংলা অক্সিজেন সাপ্লাইয়ের কাছ থেকে সিলিন্ডার সংগ্রহ করে মাকে অক্সিজেন দেওয়া হচ্ছে। এখন তিনি ভালো আছেন।

প্রায় পাঁচ বছর ধরে বাসায় গিয়ে নার্সিং সেবাদানকারী একাধিক প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিরা জানিয়েছেন, কোভিড-১৯-এর কারণে গত দুই মাসে ফেসবুক ও অনলাইনভিত্তিক শতাধিক প্রতিষ্ঠান চালু হয়েছে এই সেবাকেন্দ্রিক। বিক্রি বেড়ে যাওয়ায় অক্সিজেন সিলিন্ডারের সঙ্কটে পড়েছে সবাই, প্রায় পাঁচ গুণ দাম বেড়ে মাঝারি মানের একটি অক্সিজেনের সিলিন্ডার ও আনুষঙ্গিক সরঞ্জাম বিক্রি হচ্ছে ২৬ হাজার টাকা পর্যন্ত। বাংলাদেশে অর্ধশতকেরও বেশি সময় ধরে বোতলজাত অক্সিজেন ও অন্যান্য গ্যাসীয় পদার্থের ব্যবসার সঙ্গে যুক্ত আছে লিনডে গ্রুপ। দেশীয় প্রতিষ্ঠান ইসলাম গ্রুপ ও মেঘনা গ্রুপসহ আরো কিছু প্রতিষ্ঠান এই ব্যবসায় যুক্ত হয়েছে। কিন্তু গ্যাসের বোতল অনেকটাই আমদানিনির্ভর। সম্প্রতি অক্সিজেনসিলিন্ডারবিডি, অক্সিজেনবিডি, মেডিশপ ডটকম, লিনডে ডটকমডটবিডি ও সিসমার্ক লিমিটেডসহ আরো কয়েকটি প্রতিষ্ঠানের ওয়েবসাইট এবং কিছু ফেসবুকভিত্তিক অক্সিজেন সরবরাহ কোম্পানির ব্যক্তির সঙ্গে কথা বলে সঙ্কট পরিস্থিতির চিত্র পাওয়া যায়।

স্পেক্ট্রা অক্সিজেনের মালিক মোখলেসুর রহমান বলেন, গত কয়েকদিন দরে এক মুহূর্তও সময় পাচ্ছি না। চাহিদার তুলনায় আমরা অক্সিজেন সিলিন্ডার সরবরাহে ব্যর্থ হচ্ছি প্রতিদিন। এভাবে চলতে থাকলে দুয়েকদিনের মধ্যে আর সিলিন্ডার সরবরাহ করা সম্ভব হবে না। এই সুযোগে বাড়তি দাম আদায়ের অভিযোগ পাওয়া গেছে আপনাদের বিরুদ্ধে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমাদের বাড়তি দাম আদায়ের কোনো সুযোগ নেই। আমরা আমাদের সিলিন্ডার সরাসরি হাসপাতালগুলোতে সাপ্লাই করি। তাই ২০১৩ সালে সরকার নির্ধারিত দামের চাইতে এক টাকাও বেশি আদায়ের সুযোগ নেই। তা হলে কারা বাড়তি দাম আদায় করছে জানতে চাইলে তিনি বলেন, এসব বাড়তি দাম আদায়কারী ব্রিফকেস পার্টি। আপনারা তাদের খুঁজে বের করুন। আমরা চাই তাদের আইনের আওতায় নিয়ে আসা হোক। এই ব্রিফকেস পার্টির কোনো খোঁজ আপনার কাছে আছে কি না জানতে চাইলে নেই বলে উত্তর দেন।

অক্সিজেন সিলিন্ডার বিডির ব্যবস্থাপক আল ইমরান রুবেল বলেন, প্রতিদিন বাড়ছে অক্সিজেনের চাহিদা। অনেকে বাসায় সংরক্ষণের জন্য অক্সিজেন সিলিন্ডার চান। অনেকে আবার শ^াসকষ্টে পড়ে জরুরি ভিত্তিতে অক্সিজেন চান। মাঝেমধ্যে অনেকে ফোন করে রীতিমতো হাহাকার করছেন। কিন্তু আমাদের এই মুহূর্তে কিছুই করার থাকছে না। কারণ পাঁচ দিন আগেই স্টক ফাঁকা হয়ে গেছে। পরিস্থিতি এমন দাঁড়িয়ে গেছে যে, অক্সিজেন সিলিন্ডার নেই জেনেও অনেক ক্রেতা অক্সিজেন সিলিন্ডারের জন্য জোর করে টাকা জমা দিয়ে গেছেন। এতে করে একশ্রেণির বিক্রেতা বাড়তি দাম আদায় করবে এটাই স্বাভাবিক।

মেডিশপ ডটকমের প্রতিষ্ঠাতা রাকিব উদ্দীন বলেন, স্বাভাবিক সময়ে যেখানে সারা মাসে ৫০টি সিলিন্ডার ভাড়া বা বিক্রি করা যেত না, সেখানে এখন দিনেই হাজার হাজার ফোন আসছে সিলিন্ডারের জন্য। কিন্তু এত চাহিদা পূরণ করার সক্ষমতা আমাদের কখনও ছিল না, এখনও নেই।

বাজার ঘুরে দেখা গেছে, ‘লিনডে’ কোম্পানির উৎপাদিত সিলিন্ডারের চাহিদা সবচেয়ে বেশি। এ ছাড়াও চীন ও তাইওয়ান থেকে আনা সিলিন্ডারও বিক্রি হয়। মগবাজার এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক লিনডের এক পরিবেশক বলেন, প্রায় প্রতিদিনই বাড়ছে অক্সিজেন সিলিন্ডারের চাহিদা। চাহিদার তুলনায় আমরা সরবরাহ করতে হিমশিম খাচ্ছি। কাস্টমাররাই বাড়তি টাকা দিতে প্রস্তুত। এ সুযোগ তো কাজে লাগাবেই ব্যবসায়ীরা। তাই না?

১০ লিটারের একটি সিলিন্ডার লিন্ডে অক্সিজেন বিক্রি করছে ২৬ হাজার থেকে ২৮ হাজার ৭০০ টাকারও বেশি দামে। কেউ কেউ আবার কনভার্টেডটা বিক্রি করছে ১০ হাজার থেকে ১৬ হাজার টাকার বেশিতে। ইসলাম অক্সিজেন তাদের সিলিন্ডার বিক্রি করছে হোলসেল হিসেবে ১০ হাজার টাকায়। আর স্পেক্ট্রা সে ক্ষেত্রে দাম রাখছে ২৩ হাজার টাকারও বেশি।

তবে ব্যবহার না জানলে বাসায় এই অক্সিজেন সিলিন্ডার রাখা মৃত্যুঝুঁকিরও কারণ হতে পারে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. এবিএম আবদুল্লাহ।

তিনি বলেন, হাসপাতালগুলোতে ইতোমধ্যেই রোগীর চাপ বাড়তে শুরু করায় কোভিড-১৯ রোগীদের বাসায় রেখে চিকিৎসা দেওয়াকেই বেশি ভালো মনে করছে অনেকে। সেজন্য কারও শ^াসকষ্ট দেখা দিলে ভাড়ায় অথবা বাজার থেকে কিনে অক্সিজেন সরবরাহের যে পদ্ধতি চালু হচ্ছে তা খুবই ইতিবাচক। ফলে অনেক প্রাণ হয়তো রক্ষা করা সম্ভব হবে। কিন্তু এসব সিলিন্ডারে অগ্নিকা- থেকে শুরু করে ব্লাস্ট হওয়ারও আশঙ্কা রয়েছে। এ ছাড়া অক্সিজেনের মাপের হেরফের হলে তো আর কথাই নেই। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া এর ব্যবহার অত্যন্ত ঝুঁকিপুর্ণ। তিনি বলেন, সাধারণ রোগীর শরীরে অক্সিজেনের উপস্থিতি ৯০ শতাংশের নিচে নামতে শুরু করলেই অক্সিজেনের প্রয়োজন পড়ে। পালস অক্সিমিটার নামে একটি সহজ ডিভাইসের মাধ্যমে অক্সিজেনের শতকরা উপস্থিতি নিশ্চিত হওয়া যায়। অক্সিজেন যদি ৮০ শতাংশ বা এর আশপাশে থাকে তখন বাসায় রেখে অক্সিজেন দিয়েও সঙ্কট মোকাবিলা করা হয়। আর এর চেয়েও কমে গেলে তখন হাসপাতালে লাইফ সাপোর্টের প্রয়োজন হবে।

একই কথা বলেন আরেক বিশেষজ্ঞ চিকিৎসক কোভিড-১৯ প্রতিরোধ বিষয়ক জাতীয় কারিগরি কমিটির সদস্য অধ্যাপক ডা. ইকবাল আর্সলান। তিনি বলেন, যেসব রোগীর হাসপাতালে থাকার প্রয়োজন নেই তাদের অযথা হাসপাতালে না রেখে বাসায় চিকিৎসা দেওয়াই উত্তম। তবে যদি অক্সিজেন স্যাচুরেশন কম থাকে তাহলে অবশ্যই অক্সিজেন সাপ্লাই করতে হবে। বাসায় অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করেই যা করা সম্ভব। তবে অবশ্যই সর্বোচ্চ সতর্কতা নিশ্চিত করে বাসায় অক্সিজেন সিলিন্ডার রাখতে হবে। এই কঠিন সময়ে অনেকেই আতঙ্কে প্রয়োজন না হলেও বাসায় অক্সিজেন সিলিন্ডার মজুদ করছেন। ফলে যাদের প্রয়োজন তারা পাচ্ছেন না। আর রোগীর জন্য অক্সিজেন ব্যবহার যে কারও কাজ না। এর প্রবাহ নির্ধারণ করতে হয়। কমাতে হয়, বাড়াতে হয়। কতটুকু অক্সিজেন প্রয়োজন তা নির্ধারণ করতে হয়। এটা না করে রোগীকে অক্সিজেন দেওয়া বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। চোখ ও শ^াসতন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে।

করোনা শুরুর সময় সবচেয়ে ভালো একটি অক্সিজেন সিলিন্ডারের দাম ছিল ১০ থেকে ১২ হাজার টাকা। আর রিফিল করতে লাগত তিনশ’ টাকা। কিন্তু এখন সেই সিলিন্ডারের দাম ২২ থেকে ৪৫ হাজার টাকায় ঠেকেছে। আর রিফিলের জন্য খরচ হচ্ছে এক থেকে ৪ হাজার টাকা পর্যন্ত।

বিনামূল্যে অক্সিজেন সরবরাহকারী স্বেচ্ছাসেবী সংগঠন জয় বাংলা অক্সিজেন সাপ্লাইয়ের প্রধান উদ্যোক্তা সাদ বিন কাদের চৌধুরী সময়ের আলোকে বলেন, একটি অক্সিজেন সিলিন্ডারের সঙ্গে ট্রলি, ফ্লো মিটার, ক্যানোলা ও মাস্ক দেওয়া হয়। সাধারণত বাড়িতে ব্যবহারের জন্য একটি সিলিন্ডারে ১ হাজার ৪০০ লিটারের (১ দশমিক ৪ কিউবিক মিটার) অক্সিজেন থাকে। ব্যবহার করা যায় ১ হাজার ২০০ মিনিট। আমরা এটি সম্পূর্ণ বিনামূল্যে রোগীদের সরবরাহ করে থাকলেও ক্রাইসিস বেড়ে যাওয়ায় একশ্রেণির ব্যবসায়ী বেশি দাম আদায় করছে, যা সম্পূর্ণরূপে অন্যায়। আমি আশা করব এটি রোধে নির্দিষ্ট একটি নীতিমালা তৈরি হবে খুব শিগগির।

–বিশেষ প্রতিনিধি, ঢাকা