Home আঞ্চলিক কেশবপুরে নারী শ্রমিকরা ধান কাটতে মুজুরি বৈষম্যের শিকার

কেশবপুরে নারী শ্রমিকরা ধান কাটতে মুজুরি বৈষম্যের শিকার

96

যশোরের কেশবপুরে ইরি-বোরো ধান কাটা শুরুতেই নারী শ্রমিকরা মুজুরি বৈষম্যের শিকার হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কৃষকের ক্ষেতের পাকা ধান কাটতে পুরুষের পাশাপাশি নারী শ্রমিকরাও কাজ করছেন। ইতিমধ্যেই উপজেলার গৌরিঘোনা ও সুফলাকাটি ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় কৃষকের ক্ষেতের পাকা ধান কাটা শুরু হয়েছে।

সরেজমিন উপজেলার গৌরিঘোনা ইউনিয়নের বুড়–লি বিলে গিয়ে দেখা যায়, নারী শ্রমিকরা কৃষকের ক্ষেতের ধান কেটে বিচালীর আটি বাধছেন। বিচালীর আটি করার সময় নারী শ্রমিক শ্যামাপদি বিশ্বাস, ময়না রাণী ও বন্ধনা বৈরাগী বলেন, ধান কাটা শুরুতেই তারা মুজুরির বৈষম্যের শিকার হচ্ছেন। সকাল থেকে দুপুর পর্যন্ত একজন পুরুষ শ্রমিক কাজ করে মুজুরি পাচ্ছেন ৩০০ টাকা। একই পরিমাণ কাজ করে তারা পাচ্ছেন মাত্র ১৫০ টাকা। নারী শ্রমিক শ্যামাপদি বিশ্বাস বলেন, তারা (নারী শ্রমিক) নিখুঁতভাবে ধান কাটা, বিচালী বাধাসহ ঝাড়াইয়ের কাজ করলেও তাদের মুজুরি বৃদ্ধি হচ্ছে না। দীর্ঘদিন ধরে দাবি করে আসলেও ক্ষেত মালিকরা (কৃষক) তাদের ন্যায্য মুজুরি বৃদ্ধি করছেন না। কেশবপুর উপজেলা নাগরিক সমাজের সভাপতি অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকী বলেন, পুরুষ শ্রমিকের সঙ্গে নারী শ্রমিকরা সমানতালে কাজ করে গেলেও তারা (নারী শ্রমিক) মুজুরি বৈষম্যের শিকার হচ্ছেন। অথচ নারী শ্রমিকরা পরিচ্ছন্নভাবে কাজ করে থাকেন। এ কারণে তাদের মুজুরি বৃদ্ধি করা উচিত।

উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা বলেন, কেশবপুরে ১৫ হাজার ৪০০ হেক্টর জমিতে ইরি-বোরো ধান আবাদ হয়েছে। ইতিমধ্যেই কৃষকের ক্ষেতের ৩ ভাগ ধান পেকে গেছে। কিছু এলাকায় কৃষকরা পাকা ধান কাটা শুরু করেছেন।

– আলমগীর হোসেন, কেশবপুর