কক্সবাজারের দরিয়ানগরের সমুদ্রসৈকতে আজ শনিবার সকালে জোয়ারের পানিতে ভেসে এসেছে আরও একটি মৃত তিমি। যদিও আজ (শনিবার) সকাল ১০টা পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি বন, মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা।
এর আগে গতকাল শুক্রবার সকালে সৈকতের হিমছড়ি এলাকায় আড়াই টন ওজনের একটি তিমি মাছ ভেসে এসেছিলো। আজ শনিবার ঠিক তার দক্ষিণে নতুন তিমিটি ভেসে এসেছে। আজকে ভেসে আসা তিমিটি লম্বায় ৪৩ ফুট প্রস্থে ১৪ ফুট বলে জানা গেছে।
স্থানীয় জেলে কামাল উদ্দিন (৫০) বলেন, সকাল সাড়ে আটটার দিকে তিনি সমুদ্রে মাছ ধরতে নামেন। এ সময় দেখতে পান বিশাল একটি তিমি ভেসে আসছে। তিমিটি দরিয়ানগর সৈকতে ভিড়েছে। আগেরটি ভিড়েছে উত্তর দিকে প্রায় দুই কিলোমিটার দূরে হিমছড়ি সৈকতে।
ধারণা করা হচ্ছে, তিমি দু’টি একই প্রজাতির। গভীর সমুদ্রে ফিশিং ট্রলারের ধাক্কায় তিমির মৃত্যু হতে পারে। অথবা বিষাক্ত বর্জ্য খেয়ে ফেলার কারণেও তিমি দু’টি মারা গিয়ে থাকতে পারে। এই তিমির শরীরে আঘাতের চিহ্ন দেখা না গেলেও শরীর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে।
কক্সবাজার সমুদ্রসম্পদ রক্ষা আন্দোলনের সমন্বয়ক মফিজুর রহমান মফিজ বলেন, তিমিটি আঘাতের কারণে মারা যেতে পারে। বয়সকাল পার হলে সাধারণত তিমিরা আত্মহত্যা করে থাকে। তবে বঙ্গোপসাগরে চলাচলকারী জাহাজের আঘাতেও মাছটি মারা যেতে পারে।
এটা কোন বড় ধরনের পরিবেশ বিপর্যয়ের পূর্বাভাস কিনা তা-ও ভেবে দেখার অবকাশ আছে বলে অনেকে মনে করছেন।
জানা যায়, ১৯৯৬ ও ২০০৬ সালেও এই রকম দু’টি মৃত তিমি সৈকতে ভেসে এসেছিলো। এগুলোর মৃত্যু বঙ্গোপসাগরের জলসীমায়, নাকি অন্য কোনো জায়গায়; তা চিহ্নিত হওয়া দরকার বলে মনে করছেন স্থানীয় পরিবেশবাদীরা।
-খুলনাঞ্চল ডেস্ক











































