একে তো গরমে যাচ্ছেতাই অবস্থা। তার ওপর মশার উৎপাতে অতিষ্ট প্রাত্যহিক জীবনযাত্রা। মশা তাড়ানোর স্প্রে, কয়েল, ক্রিমসহ নানা পন্থায় মুক্তি মেলে না সহজে। তাছাড়া মশা তাড়াতে ব্যবহার করা এসব রাসায়নিক উপাদানের পার্শ্বপ্রতিক্রিয়া আছে ত্বকের ওপরে।
যদি এমন হত, প্রাকৃতিক উপায়ে তাড়িয়ে ফেলা যেত মশা? মুক্তি মিলতো অসহ্য উৎপাত থেকে?
সেটাও সম্ভব। আমাদের প্রকৃতিতে এমন কয়েকটি গাছ আছে, যা বাড়িতে লাগালে গন্ধে পালাবে মশা। অবশ্য বাসাবাড়িতে বসবাসকারীদের কোন অস্বস্তিকর অনুভূতি দেবে না এসব ঘ্রাণ। দেখে নেওয়া যাক তেমনই কয়েকটি গাছ।
ল্যাভেন্ডার গাছ
ল্যাভেন্ডার: সাধারণত এই গাছের চারপাশে মশা কেন, কোনও পোকামাকড়ই দেখতে পাওয়া যায় না। এই গাছ থেকে ছড়ানো গন্ধের কারণে পোকামাকড় এর থেকে দূরে থাকে। বাড়ি থেকে মশা তাড়াতে তাই এই গাছ বসাতে পারেন। অবশ্য শীতে এই গাছের বৃদ্ধি কমে গেলেও গরমে এর সজীবতা ফিরে আসে।
গাঁদা ফুলের গাছ
গাঁদা: আমাদের আশপাশের অনেক বাসাবাড়ির ছাদ বাগান বা উঠানে খুবই পরিচিত একটি ফুল গাছ গাঁদা। দৃষ্টিনন্দন এই ফুল শুধু বাগানের সৌন্দর্যই বাড়ায় না, গাছটি বাগানে থাকলে গাঁদার গন্ধে মশাসহ বহু পোকামাকড় পালায়। বাগানে বা বারান্দায় এই গাছ থাকলে, সেই পথ দিয়ে মশা ঢুকতে চায় না।
রোজমেরি গাছ
রোজমেরি: মশলা হিসেবে ব্যবহার করতে এই গাছের চাষ হয়ে থাকে। এর পাতার গন্ধে শুধু মশা নয়, আরও বেশ কিছু পতঙ্গ পালিয়ে যায়।
ব্যাসিল বা পুদিনা পাতা
ব্যাসিল: এই গাছের পাতাটি মশলা হিসেবে খুব জনপ্রিয়। এর পাতার গন্ধেও অস্বস্তিতে ভোগে মশারা। তাই যতটা সম্ভব এই গাছটি এড়িয়ে চলে তারা। একটু ভেজা পরিবেশ ও রোদ পেলে গাছটি খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। তাই গাছটি বসানোর সময় একটু বুঝেশুনে জায়গা নির্ধারণ করতে হয়। কিন্তু যেখানেই বসানো হোক না কেন, সেই পথে মশার আনাগোনা কমে যাবে এটা নিশ্চিত।
-মিলি রহমান











































