Home জাতীয় নির্ধারিত সময়ে ভোট সম্ভব নয়: ইসি

নির্ধারিত সময়ে ভোট সম্ভব নয়: ইসি

8

মহামারি করোনা ভাইরাসের কারণে নির্ধারিত সময়ে ভোটের আয়োজন সম্ভব নয় বলে স্থানীয় সরকারকে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এই সংক্রান্ত একটি চিঠি স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিবের কাছে পাঠিয়েছেন ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান।

চিঠির অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিবের কাছেও পাঠানো হয়।

ইসির চিঠিতে উল্লেখ করা হয়, বিশ্বের ন্যায় বাংলাদেশেও করোনা সংক্রমণ উর্ধ্বগতির কারণে জনসমাগম কমানোর লক্ষ্যে আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য প্রথম ধাপে ৩৭১টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন, সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ও কুড়িগ্রামের চিলমারী উপজেলা ভাইস চেয়ারম্যান পদের উপ-নির্বাচন এবং সুনামগঞ্জ জেলা পরিষদের ১১ নম্বর শূন্য পদে নির্বাচন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত রাখতে সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

আইন অনুযায়ী নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন সম্ভব হবে না। এক্ষেত্রে ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ২৯(৫) ধারা অনুযায়ী ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা এবং প্রাসঙ্গিক অন্যান্য ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অবহিত করতে কমিশন সিদ্ধান্ত নিয়েছে। কমিশনের উল্লেখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হয় ওই চিঠিতে।

এর আগে ১ এপ্রিল কমিশন সভায় করোনার কারণে সব নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় কমিশন। সেই সিদ্ধান্তের কথা এবার স্থানীয় সরকারকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলো নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

-ঢাকা অফিস