বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়ন চেয়ারম্যান মাষ্টার আবুল খায়ের আর নেই। গতকাল রবিবার দিবাগত রাত পৌনে ১০টায় তিনি ঢাকার শ্যামলী ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি—-রাজিউন)। সোমবার জোহর নামাজবাদ এসপি রাশিদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে খেজুরবাড়িয়া গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আবুল খায়ের পার্শবর্তী শরণখোলা উপজেলার খোন্তাকাটা মাধ্যমিক বিদ্যালয়ের শরীরচর্চা বিষয়ের শিক্ষক ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও একটি কন্যা সন্তান রেখে গেছেন।
তিনি গত ১৩ ফেব্রুয়ারি দলীয় নমিনেশন (নৌকা) প্রতীক পান। এর ৪ দিন পরে অসুস্থ্য হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি হন। ওই সময় তার শরীরে করোনা ধরা পড়ে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শ্যামলী ন্যাশনাল মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে করোনা নেগেটিভ হওয়ার একদিন পরে তিনি মৃত্যুবরণ করেন।
মাষ্টার আবুল খায়ের হাওলাদার ১৬নং খাউলিয়া ইউনিয়নে ৩ বারের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি ছিলেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনেও (স্থগিত) তিনি আওয়ামী লীগের দলীয় প্রার্থী মনোনীত হয়েছিলেন।
অপরদিকে বলইবুনিয়া ইউনিয়নের ৩ বারের সাবেক চেয়ারম্যান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম বাচ্চু শনিবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল কারেন(ইন্নালিল্লাহি—-রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে ও ১ ছেলে সহ বহুগুনাগ্রাহী রেখে গেছেন। রোববার সকাল ৮টায় কালিকাবাড়ি স্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে চেয়ারম্যান আবুল খায়ের হাওলাদার ও রফিকুল ইসলাম বাচ্চু’র মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, উপজেলা নিবাহী অফিসার মো. দেলোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খান। অপরদিকে, গভীর শোক জানিয়েছেন ২নং পঞ্চকরণ ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার, ইউপি চেয়ারম্যান মোর্শেদা আক্তার, শফিকুর রহমান লাল, আব্দুর রহিম বাচ্চু, মাহমুদ আলী, মো. রেজাউল ইসলাম নান্না, জাহাঙ্গীর আলম বাদশা, রিপন হোসেন তালুকদার, শাহাজাহান আলী খান, মো. আকরামুজ্জামান, সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল হাই খান, রিপন চন্দ্র দাস প্রমুখ।
– এম. পলাশ শরীফ, মোরেলগঞ্জ থেকে











































