সার্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে হতাশা নিয়ে মাঠ ছাড়েন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর। শেষ সময়ে রোনালদোর শট গোললাইন অতিক্রম করলেও গোলের বাঁশি দেননি রেফারি। ম্যাচটা তাই ২-২ গোলের সমতায় শেষ হয়।
ওই ঘটনায় পর্তুগাল ফুটবল দলের অধিনায়ক রোনালদো রাগে তার হাতে থাকা নেতৃত্বের আর্মব্যান্ড ছুঁড়ে ফেলে দেন। এখন ওই আর্মব্যান্ডই বাঁচিয়ে দিতে পারে ছয় মাসের এক সার্বিয়ান শিশুর জীবন। কারণ অর্থ সংগ্রহের জন্য ওই আর্মব্যান্ডটি তোলা হয়েছে নিলামে।
রোনালদো আর্মব্যান্ডটি ছুঁড়ে ফেলার পর মাঠ কর্মী সেটা কুড়িয়ে নেন। এরপর অর্থ সংগ্রহের জন্য দিয়ে দেন একটি শিশু সহায়তা ফাউন্ডেশনে। আজই সেটা তোলা হবে নিলামে। সেখান থেকে পাওয়া অর্থ দেওয়া হবে মেরুদণ্ডের জটিলতার ভোগা শিশুটির চিকিৎসার জন্য।
তার অপারেশন ও অন্যান্য চিকিৎসা বাবদ খরচ ধরা হয়েছে ২.৫ মিলিয়ন ইউরো। কিন্তু ‘টেলিগ্রাফের’ সার্বিয়ান সংস্করণ জানিয়েছে, কাঙ্খিত ওই অর্থ পেতে তাদের খুব একটা অসুবিধা হবে না। এরই মধ্যে তারা যে সাড়া পেয়েছে, তাতে ক্রীড়া সামগ্রী নিলামের জাতীয় রেকর্ড ছাড়িয়ে গেছে আর্মব্রান্ডটি।
-স্পোর্টস ডেস্ক











































