Home জাতীয় গণপরিবহনে ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব

গণপরিবহনে ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব

7

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ৫০ শতাংশ আসনে যাত্রী পরিবহন করার নির্দেশনা আসার পর গণপরিবহনে ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। মালিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে এমন প্রস্তাব পাঠিয়েছে পরিবহনের নিয়ন্ত্রণক সংস্থা বিআরটিএ।

সোমবার (২৯ মার্চ) সন্ধ্যায় বিআরটিএ’র প্রধান কার্যালয়ে ভাড়া পুনর্নির্ধারণ সংক্রান্ত একটি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।

তিনি বলেন, ‘করোনার শুরুর দিকে সরকারের যে নির্দেশনা ছিল, আমরা সেটার আলোকে পরিবহন মালিকদের সঙ্গে কথা বলে একটা প্রস্তাব করেছি। প্রস্তাবটি হচ্ছে,২০২০ সালের মে মাসে যেভাবে ভাড়ার প্রস্তাব করা হয়েছিল, সেভাবেই বিদ্যমান ভাড়ার ৬০ শতাংশ বৃদ্ধি এবং ৫০ ভাগ যাত্রী বহন করবে। এই প্রস্তাবটি সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। বিষয়টি নিয়ে মন্ত্রণালয় থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসার পর আমরা আনুষ্ঠানিকভাবে সবাইকে জানাবো। এরপর এটি কার্যকর হবে। আমরা আশা করি, আগামী দুই-একদিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে মন্ত্রণালয়।’

তিনি আরও বলেন, ‘করোনার বর্তমান পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেই প্রজ্ঞাপনে গণপরিবহনে যাত্রীদের সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। গণপরিবহনের ধারণ ক্ষমতার ৫০ শতাংশের অধিক যাত্রী নেওয়া যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে। আরও একটি নির্দেশনা হচ্ছে— করোনার ঝুঁকি রয়েছে এমন এলাকায় গণপরিবহন চলাচল শিথিল বা প্রয়োজনে বন্ধ রাখতে হবে। তবে এ বিষয়টি ঠিক করবে স্বাস্থ্য মন্ত্রণালয়।’

জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিবব সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত বছরের মার্চে যেভাবে গণপরিবহন চলেছে আমরা সেভাবেই দাবি রেখেছি। আমাদের নতুন করে কোনও প্রস্তাব নেই। তবে ভাড়ার বিষয়ে প্রস্তাব অনুমোদন  হওয়ার আগ পর্যন্ত সরকারের নির্দেশিত ৫০ শতাংশ যাত্রী বহন না করলে যেন মামলা না দেওয়া হয়।

/ঢাকা অফিস/খুলনাঞ্চল/