পুলিশ কর্মকর্তাদের ভুলে ২৭ দিন কারাগারে বিবিএ পড়ুয়া জিএম নাজমুল ইসলাম। ন্যায়বিচার পাওয়ার জন্য অসহায় বাবা জিএম আনোয়ার বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছেন। সোমবার সকালে তিনি যুগান্তরকে মামলার নথিপত্র দিয়ে জানান, অভয়নগর উপজেলার নওয়াপাড়ার (নর্থ বেঙ্গল রোড) বাসিন্দা জিএম আনোয়ার। তার ছেলে নাজমুল ইসলাম ঢাকা রিসোর্স কলেজের বিবিএ’র শির্র্ক্ষার্থী। ১৭ ফেব্রুয়ারি বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মপক্ষ সমর্থনের পর আদালত তাকে জেলহাজতে পাঠান।
সেই থেকে তার ছেলে নাজমুল ইসলাম কারাগারে। নাজমুলের বাবা স্কুল কর্মচারী জিএম আনোয়ার আরও জানান, কলেজ পড়ুয়া ছেলেটির বয়স ২৪ বছর ৫ মাস। চলতি বছরের শুরুর দিকে অভয়নগর থানা পুলিশ তার ছেলের নামে ওয়ারেন্ট রয়েছে জানিয়ে তার বাড়িতে হাজির হলে একপর্যায়ে তিনি জানতে পারেন, তার ছেলের নামে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা হয়েছে।
দ্রুত জামিন না করালে আদালতে তার বড় ধরনের সাজা হবে। বিষয়টি জানার পর ছেলেকে নিয়ে ১৭ ফেব্রুয়ারি আদালতে আত্মপক্ষ সমর্থন করলে আদালত তার ছেলেকে জেলহাজতে পাঠান। একাধিকবার তার জামিনের আবেদন করা হলেও জামিন মেলেনি। ছেলেটির নামে মামলা রুজুর বিষয়ে জানার জন্য মামলার নথিপত্র দেখে মামলার মূল আসামির বাড়ি বরিশালে হাজির হওয়ার পর বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
জানা যায়, ২০১৮ সালের ১৮ ডিসেম্বর বরিশাল র্যাব-৮-এর ডিএডি (পুলিশ পরিদর্শক) মো. জহিরুল ওসি বরাবর ১০ জনের নাম উল্লেখ করে মাদক আইনে একটি এজাহার দাখিল করেন। ওই অভিযোগে ৯নং আসামি হিসাবে দেখানো হয়েছে অণুকে। পরে র্যাব-৮ বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম ২০১৯ সালের ১৮ এপ্রিল ওই মামলায় চার্জশিট দাখিল করেন। চার্জশিটে দেখা যায়, ৯নং আসামি হিসাবে জিএম নাজমুল ইসলাম ওরফে অণুর নাম। মামলার নথিপত্র দেখার পর নাজমুলের বাবা এই মামলার মূল আসামি বরিশাল জেলার গৌরনদী থানার কটকস্থল গ্রামের মজিবুর রহমান ওরফে ইঙ্গল মাঝির ছেলে মো. হিরা মাঝির বাড়িতে হাজির হন। সেখানে গিয়ে জানতে পারেন আসল রহস্য। পুলিশ কর্মকর্তারা অজ্ঞাত কারণে প্রকৃত আসামিকে আড়াল করে তার ছেলের নামে চার্জশিট দাখিল করেছেন।
আদালত বিষয়টি জরুরি ভিত্তিতে বিচার বিভাগীয় তদন্ত করলে আসল রহস্য বেরিয়ে আসবে। এজাহার দাখিলকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোহাম্মদ জহিরুল ইসলাম মোবাইল ফোনে জানান, আসামির নাম ভুল হলে কারেকশন করতে হবে। গৌরনদী থানার আইও এটা কারেকশন করতে পারবে।
– অভয়নগর (যশোর) প্রতিনিধি











































