‘ভারি এক ব্যস্ত মেয়ে স্বর্গের উৎস থেকে রোজ জল নিয়ে আসে/ পথের উপর দিয়ে সে চলে যায় যেন সেতারের দ্রুত তালের গতের মতো/ দাঁড়াবার মতো সময় সেই নারীর নেই/ কবি রবীন্দ্রনাথের ‘ভুল স্বর্গ’ কবিতাটি যেন ‘ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে’ প্রবচনের অনেকটা রূপায়ণ।
যেমন কেশবপুরের গোপসেনা গ্রামের সাবিরা খাতুন ও তার সাথী তাসলিমাকে ঢেঁকিতে আতপ চাল গুঁড়া করতে দেখা যায়। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা সকাল থেকে সন্ধ্যা অবধি কাজ করেন। লেখাপড়া জানা এই গৃহিণীরা স্বামী-সন্তানও সামলান।
গোপসেনা গ্রামের কিছুটা দূরে বারুইহাটি ইটভাটায় কাজ করেন ছকিনা খাতুন। তিনি বছরে ৬ মাস স্বামী-সন্তান নিয়ে বারুইহাটিতে অস্থায়ী বসতি গড়েন। সন্তানদের লেখাপড়া এ সময় বন্ধ থাকে।
একই দৃশ্য কেশবপুরের প্রতিটি কৃষি পরিবারে নারীদের। উপজেলার মধ্যকুল এলাকার লালভানু দিনের পর দিন শীত, বর্ষা বা বৈশাখের তীব্র গরমে ফসলি মাঠে শ্রম বিক্রি করেন। এমন শত শত নারী আছেন যারা ফসলের বীজ রোপণ থেকে ধান কাটা বা সবজি ক্ষেতে শ্রম বিক্রি করে চলেছেন। তারা জানেন না নারীদের অধিকার কী, জানে না ‘বিশ্ব নারী দিবস’ নামের একটি দিন কেবল তাদের জন্য।
আজ একবিংশ শতাব্দীতেও চুলবাঁধা থেকে রান্না করা, সন্তান পালন থেকে প্রায় ১৬-১৭ ঘণ্টা কাজ করতে হয় গ্রামের বধূদের। সরকার বা দেশের সংবিধান নারীদের সুরক্ষার জন্য অনেক কিছু করছে। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রসূতি ভাতা দেয়া হয় নারীদের। এ সুবিধা সম্পর্কেও গ্রামের অধিকাংশ নারীরা সচেতন নয়।
তারপরও আজ নারীরা বিমানবাহিনী থেকে রাষ্ট্রের সব কাজে প্রতিযোগিতা করে জয়ী হচ্ছেন। নারীর সুরক্ষা আইনের যথাযথ প্রয়োগের দাবি করেছেন কেশবপুরে নাগরিক সমাজের সভাপতি আ্যডভোকেট আবু বকর সিদ্দিকী।
আর উন্নয়নকর্মী খাদিজা খাতুন বলেছেন, রাষ্ট্রের সর্বস্তরে নারীর প্রতি বৈষম্য দূর করে ‘নারী কন্যা, জায়া, জননী’ হিসেবে যেন সম্মান পায়। পুরুষরা যেন তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনেন।
‘পৃথিবীর যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর/ অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর’- জাতীয় কবি নজরুল ইসলামের এই বাণী যেন বাস্তবে প্রয়োগ হয়। তা না হলে একদিন রবীন্দ্রনাথের ভাষায় ‘ভুল স্বর্গ’ ওলট-পালট করে তারা পৃথিবীকে ভালোবেসে গড়বেন তাদের জন্য বাসযোগ্য পৃথিবী। প্রতিটি দিন যেন হয় নারীর প্রতি বৈষম্যহীন- এটাই প্রত্যাশা ব্যাংকার মর্জিনা খাতুনের।
-যশোর অফিস











































