Home আঞ্চলিক সুন্দরবনে হরিণ শিকার কিছুতেই থামছে না

সুন্দরবনে হরিণ শিকার কিছুতেই থামছে না

52

সুন্দরবনে অবাধে ফাঁদসহ নানা কৌশলে হরিণ শিকারে মেতে উঠেছে চোরা শিকারীরা। এসব হরিণের মাংস আবার বন সংলগ্ন খুলনার দাকোপের বিভিন্ন এলাকায় বিক্রি হচ্ছে হরহামেশা। পাশাপাশি অন্যান্য প্রাণীও বেহাই পাচ্ছে না এসব শিকারীর কাছ থেকে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, পূর্ব ও পশ্চিম সুন্দরবনের কোল ঘেষা উপজেলার সুতারখালী, কালাবগী, নলিয়ান, কালিনগর, কৈলাশগঞ্জ, রামনগর, বানিশান্তা, ঢাংমারী, খেজুরিয়া ও লাউডোব এলাকার চিহ্নিত কয়েকটি হরিণ শিকারী চক্রের সদস্যরা বেশ কিছুদিন যাবৎ সুন্দরবনে অবাধে ফাঁদসহ নানা কৌশলে হরিণ শিকার করে আসছে। বনবিভাগের কর্মকর্তা কর্মচারীদের চোখ ফাঁকি দিয়ে চুরি করে সুন্দরবনে ঢুকে অনেক লম্বা ফাঁদ দিয়ে খুব সহজেই হরিণ শিকার করে লোকালয়ে নিয়ে আসে ওই চক্রের সদস্যরা। পরে বিভিন্ন এলাকা থেকে অর্ডার নেয়া লোকজনের নিকট কেজি প্রতি ৪০০ থেকে ৫০০ টাকা দরে নগদ ও বাকিতে বিক্রি করছে। মাঝে মধ্যে বনবিভাগ, কোস্টগার্ড ও থানা পুলিশের কাছে হরিনের মাংস ও চামড়াসহ এসব শিকারী চক্রের দুই একজন সদস্য ধরা পড়ে কয়েকটি মামলা খেলেও কখনও থেমে নেই হরিণ শিকার। এসব শিকারী চক্রের কোন কোন সদস্য আবার পালিয়েও যায় বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। এছাড়া স্থানীয় বেশ কয়েকজন ক্ষমতাশিন দলের প্রভাবশালী নেতা ও জন প্রতিনিধিরা এসকল শিকারী চক্রের সদস্যদের কাছ থেকে ইচ্ছামত হরিণের মাংসসহ নানা সুযোগ সুবিধা নিয়ে থাকে বিধায় হরিণ শিকার কিছুতেই বন্দো হচ্ছে না বলে এলাকার সচেত মহলের অভিযোগ। এমনিভাবে চোরা শিকারীদের সুন্দরবনে হরিণ নিধন চলতে থাকলে আগামীতে এ চিত্রল মায়াবী হরিণ বিলুপ্ত হতে পারে বলে ওই মহল মনে করেন।

সুন্দরবন সংলগ্ন এলাকার অসিত মন্ডল, জামাল শেখসহ একাধিক ব্যক্তি জানান, চিহ্নিত হরিণ শিকারী চক্রের সদস্যরা প্রতি গোনে সুন্দরবনে ঢুকে ফাঁদসহ নানা কৌশলে হরিণ শিকার করে এলাকায় এনে ৪০০ থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি করছে। সম্প্রতি কয়েকদিন আগে বন থেকে ৯ কেজি ওজনের একটি সজারু শিকার করে আনে। পরে এলাকার ৮/৯ জন মিলে তার মাংস ভাগাভাগি করে খেয়েছে। ওই চোরা চক্রের সদস্যদের নামে হরিণ শিকারের একাধিক মামলা থাকলেও তারা বহালতবিয়তে এই অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে তারা জানান।

পূর্ব বনভিবাগের চাঁদপাই রেঞ্জধীন ঢাংমারী স্টেশন কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন তিনি এই স্টেশনে আসার পর বন সংলগ্ন এলাকার কয়েকটি চোরা শিকারী চক্রের সদস্যদের বিরুদ্ধে অনেক গুলো মামলা দিয়েছেন। তারপরও চোরা শিকারীরা থেমে নেই। তিনিও হরিণ শিকার বন্দো করতে অভিযান অবহ্যত রেখেছেন বলে জানান।

কোষ্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেঃ ইমতিয়াজ আলম জানান সম্প্রতি কয়েকদিন আগে ৪১ কেজি হরিণের মাংস, ১টি মাথা ও ৩ কেজি ওজনের হরিণের ভুড়ি উদ্ধার করা হয়েছে। এঘটানায় ৩জনকে আটকের পর মামলা দিয়ে কোর্ট হাজতে পাঠানো হয়। এছাড়া গত ১৮ নভেম্বর ২টি হরিণের মাথা, ১০ কেজি মাংস, ১টি মটর সাইকেল, ১টি মোবাইল ফোন ও ৪টি ফাঁদ পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। গত শুক্রবারেও একটি জীবিত হরিণ ও ফাঁদসহ এক শিকারীকে আটক করে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

দাকোপ থানা অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী বলেন গত ২৫ ও ২৬ জানুয়ারী গোপন সংবাদের ভিত্তিতে পৃথক স্থানে অভিযান চালিয়ে সাড়ে ১৫ কেজি হরিণের মাংসসহ ঘটনায় জড়িত ৫জনকে আটকের পর মামলা দিয়ে কোর্ট হাজতে পাঠানো হয়েছে। এসময়ে একটি মটরসাইকেলও জব্দ করা হয়েছে বলে তিনি জানান।

এবিষয়ে চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ এনামুল হক জানান তাদের টহল অব্যহত আছে। চোরা শিকারী চক্রের সদস্যদের নাম ঠিকনা কালেকশন করা হয়েছে। দ্রুত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

–মোঃ জাহিদুর রহমান সোহাগ দাকোপ