মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
মাত্র ১২ বছর বয়স; ষষ্ঠ শ্রেণি পড়ুয়া স্কুল ছাত্রী নীরা খাতুন (ছদ্মনাম)। এই বয়সে মেয়েটি প্রেমে পড়েছে ১৬ বছর বয়সী যুবকের। বিয়ের দাবিতে সে পিতার বাড়ি ছেড়ে পালিয়ে আশ্রয় নেয় প্রেমিকের বাড়িতে। একমাস আগে বয়স এফিডেবিটের মাধ্যমে তারা বিয়েও করে। কিন্তু প্রেমিক স্বামীর আশ্রয়ে থাকা হলোনা নীরার। ইউএনও সৈয়দ জাকির হাসানের হস্তক্ষেপে ফিরে যেতে হলো পিতার বাড়িতে। ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত তাকে সেখানেই থাকতে হবে।
ঘটনাটি উপজেলার দূর্বাডাঙা ইউপির বাহিরঘরিয়া গ্রামের। দিনমজুর বর ওই গ্রামের ছেলে। নীরা কুলটিয়া ইউপির পদ্মনাথপুর গ্রামের।
দূর্বাডাঙা ইউপির নয় নম্বর ওয়ার্ডের মেম্বর সেলিম হোসেন জানান, প্রেমের সম্পর্ক ধরে দেড়মাস আগে নীরা পালিয়ে বরের বাড়িতে আশ্রয় নেয়। বিষয়টি টের পেয়ে স্বজনদের ডেকে মেয়েটিকে তাদের হাতে তুলে দেওয়া হয়। এক সপ্তাহ থাকার পর আবারো মেয়েটি প্রেমিকের বাড়িতে চলে আসে। পরে এফিডেবিটের মাধ্যমে বয়স বাড়িয়ে তারা গোপনে বিয়ে করে। মেয়ে পক্ষের তৎপরতায় বাড়িতে টিকতে না পেরে ছাত্রীটিকে নিয়ে নওয়াপাড়ায় আত্মীয়র বাড়িতে আশ্রয় নেয়।
মেম্বর বলেন, মেয়েকে না পেয়ে তার পিতা-মাতা আমার কাছে আসেন। আমি তাদেরকে ইউএনও’র সহায়তা নেওয়ার পরামর্শ দিই। তারা ইউএনও’র কাছে গিয়ে অভিযোগ করেন। স্যারের নির্দেশে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে ছেলে মেয়েকে নিয়ে তার কার্যালয়ে যাই।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের ক্রেডিট সুপারভাইজার শহিদুল ইসলাম বলেন, মেয়ে ও ছেলে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত তাদের পৃথক থাকতে ইউএনও নির্দেশনা দিয়েছেন। স্যারের নির্দেশে বিকেলে মেয়েটিকে তার পিতার হাতে তুলে দেওয়া হয়েছে।
মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।











































