স্টাফ রিপোর্টার
সাফল্যের খাতায় যোগ হলো আরও একটি অর্জন। আন্তর্জাতিক পর্যায়ের পুরস্কার ডিজিটাল ওয়ার্ল্ড এ্যওয়ার্ড ২০২০ পুরস্কারে ভূষিত হলেন খুলনা জেলার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন পিএএ। “যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত” এ প্রতিপাদ্যকে সামনে রেখে “৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২০” উপলক্ষে শনিবার আগারগাঁও এর আইসিটি টাওয়ারের বিসিসি অডিটোরিয়ামে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ পুরস্কার গ্রহণ করেন তিনি।
মুলত পুরস্কারের জন্য গঠিত বিচারক প্যানেল এর সিদ্ধান্ত অনুযায়ী ই-গভর্নেন্স (নাগরিক সেবায় বিশেষ অবদান- করোনা ভাইরাস পরিস্থিতিতে নাগরিক সেবার মানোন্নয়নে বিবিধ এ্যাপস ও সফটওয়্যারভিত্তিক বাজার ব্যবস্থাপনা, ধানচাল সংগ্রহ, ত্রাণ বিতরণ, স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ, অনলাইন শিক্ষা, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও ই-লাইসেন্স প্রদান) ক্যাটাগরিতে তিনি মনোনীত হন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি, সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম।
উল্লেখ্য, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই মেধাবি, সৎ ও চৌকস কর্মকর্তা ২০১৯ সালে দুই ক্যাটাগরিতে ডাবল জনপ্রশাসন পদক, তৃতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস -২০১৯ এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জেলা প্রশাসকের পুরস্কার, মাঠ প্রশাসনে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে অনবদ্য ভূমিকা রাখায় ২০১২ সালে জাতীয় উপজেলা শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসারের পুরস্কার, ২০১২-১৩ অর্থ বছরে কুমিল্লার হোমনা উপজেলায় শতভাগ স্কুল ও কলেজে তথ্য প্রযুক্তির সেবা নিশ্চিত করার জন্য বর্ষসেরা পুরস্কার লাভ করেন।











































