ঢাকা অফিস
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, সংবিধান ও রাষ্ট্রের ওপরে আঘাত কঠোরভাবে প্রতিহত করা হবে। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ‘জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান’ স্লোগানে রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সরকারি কর্মকর্তা ফোরামের ব্যানারে আয়োজিত সমাবেশে আইজিপি এ প্রত্যয় ব্যক্ত করেন।
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর রাষ্ট্রের বিরুদ্ধাচারণ উল্লেখ করে আইজিপি বলেন, রাষ্ট্র, দেশ ও জনগণের বিরুদ্ধে যেকোনো ধরনের হামলা দেশের প্রচলিত আইনের মাধ্যমে মোকাবেলা করা হবে।’
পুলিশ প্রধান বলেন, সা¤প্রতিক সময়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যে যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, রাতের অন্ধকারে যারা ভাংচুর করেছে তাদের প্রতি আমাদের তীব্র ঘৃণা ও নিন্দা প্রকাশের ভাষা নেই। দেশ যখন প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, তখন দেখেছি বার বার দেশটাকে পেছনের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে।
তিনি বলেন, বঙ্গবন্ধু দেশের সংবিধানের অংশ। বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বঙ্গবন্ধু বাংলাদেশের মানচিত্র দিয়েছেন, পতাকা দিয়েছেন, বাংলা ভাষার স্বীকৃতি দেয়ার ব্যবস্থা করেছেন। বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর হামলা মানে সংবিধানের উপর হামলা, রাষ্ট্রের উপর হামলা, দেশের জনগণের উপর হামলা।
আইজিপি বলেন, ‘আমি প্রতিবাদের কথা বলবো না। কারণ, আমরা সরকারের অংশ। রাষ্ট্রের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে যেকোনো ধরনের হামলা অবশ্যই দেশের প্রচলিত আইনের মাধ্যমে মোকাবেলা করবো। রাষ্ট্র অবশ্যই তার যে বিধি বিধান আছে, দেশের যে আইন আছে তার মাধ্যমে রাষ্ট্র তাদেরকে কঠোরভাবে মোকাবেলা করবে। তিনি বলেন,আমরা রাষ্ট্রের কর্মচারী হিসেবে, রাষ্ট্রের অংশহিসেবে ১৮ কোটি মানুষকে নিশ্চিত করতে চাই, আশ্বস্ত করতে চাই আমরা তাদেরকে কঠোরভাবে মোকাবেলা করবো। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর রাষ্ট্রের বিরুদ্ধাচারণ, সংবিধানে বিরুদ্ধাচরণ। পুলিশ প্রধান বলেন, রাষ্ট্র তৈরি হয়েছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে, এ জাতি রাষ্ট্র এদের (ভাস্কর্য ভাংচুরকারীদের) বরদাস্ত করবে না।
ড. বেনজীর আহমেদ বলেন, ‘এদেশে ধর্ম প্রচার করেছেন রুহানি আলেম ও সুফিবৃন্দ। তারা ভালোবাসার মাধ্যমে আল্লাহ তায়ালার পবিত্র বাণী দিয়েছেন এদেশের, এ অঞ্চলের মানুষকে ইসলাম ধর্ম গ্রহণে উদ্বুদ্ধ করেছেন। বল প্রয়োগ করে, তলোয়ার উঁচিয়ে, পেশিশক্তির মাধ্যমে এদেশে, এই অঞ্চলে ইসলাম প্রচার করেননি।’
তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্ব দিয়েছেন, দেশ উপহার দিয়ে গেছেন, আমরা এই দেশের মূলনীতি মূলমন্ত্রকে সংরক্ষণের জন্য বদ্ধপরিকর। রাষ্ট্রের কর্মচারী হিসেবে আমাদের দায়িত্ব। রাষ্ট্রের কর্মচারীরা প্রত্যেকেই দৃঢ় প্রতিজ্ঞ।
সমাবেশে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস। এলজিআরডি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও বাংলাদেশ এ্যডমিনিস্টেটিভ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মো. হেলাল উদ্দিন সমাবেশে স্বাগত বক্তৃতা করেন।
খাদ্য সচিব নাজমানারা খানুম, আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, বিসিএস স্বাস্থ্য ক্যাডার এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. আ. ম. সেলিম রেজা, বাংলাদেশ ফরেন সার্ভিস এসোসিয়েশনের সভাপতি ও পররাষ্ট্র মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ মাসুদ মাহমুদ খন্দকার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুকসহ বাংলাদেশ সিভিল সার্ভিসের ২৯টি ক্যাডারের প্রতিনিধিরা এই প্রতিবাদ সভায় বক্তৃতা করেন।
এছাড়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার (সচিব) ও বিসিএস তথ্য-বেতার কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম বক্তৃতা করেন। এ সভা সঞ্চলানা করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিন।











































