স্পোর্টস ডেস্ক।।
রিতু মনির ব্যাটে লড়াইয়ের পুঁজি পেয়েছিল বাংলাদেশ। কিন্তু ১৬৭ রানের লক্ষ্য অস্ট্রেলিয়ার জন্য যথেষ্ট ছিলো না।
ফোবি লিচফিল্ডের ঝোড়ো ব্যাটিংয়ে ব্রিসবেনে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিক মেয়েরা। মাত্র ২৫.৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
শুক্রবার বাংলাদেশের দেওয়া ১৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে অস্ট্রেলিয়া। ওপেনার জর্জিয়া ভল ১৯ রান করে ফিরলেও অন্য প্রান্তে রানের গতি ধরে রাখেন ফোবি লিচফিল্ড।
বেথ মুনির সঙ্গে ৮৯ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন তিনি। ৫৭ বলে ১০ চার ও এক ছক্কায় ৭৭ রান করে লিচফিল্ড ফিরলে ভাঙে এই জুটি।
এর আগে বেথ মুনি ১৩ রান করে সাজঘরে ফেরেন। তবে ততক্ষণে জয়ের ভিত গড়ে ফেলেছে অস্ট্রেলিয়া। এরপর আর কোনো বিপদ হতে দেননি এলিস পেরি ও অ্যানাবেল সাদারল্যান্ড। দুজনের অবিচ্ছিন্ন ৩৪ রানের জুটিতে অনায়াসেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। পেরি ৪৫ বলে ২৬ এবং সাদারল্যান্ড ২৩ বলে ২৫ রানে অপরাজিত থাকেন।
বাংলাদেশের হয়ে দুটি উইকেট নেন হাবিবা ইসলাম। ফোবি লিচফিল্ডের উইকেট নেন রাবেয়া খান।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। কোনো রান না করেই ফেরেন ফারজানা হক। দলীয় ১১ রানে বিদায় নেন আরেক ওপেনার শারমিন সুলতানা। এরপর শারমিন আক্তার ২৪ ও সোবহানা মোস্তারি ২ রান করে ফিরলে ৪৮ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে দল।
অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও স্বর্ণা আক্তার প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তাদের ৩৫ রানের জুটির পর ২৯ রান করে ফেরেন জ্যোতি। স্বর্ণা করেন ২১ রান।
এরপর রিতু মনি ও নাহিদা আক্তারের ব্যাটে দেড়শ পেরোয় বাংলাদেশের সংগ্রহ। ৬৩ বলে ৫ চারে ৪৫ রান করে রানআউট হন রিতু। নাহিদা ২৬ বলে ১৪ রানে অপরাজিত থাকেন। দুজনের জুটিতে আসে গুরুত্বপূর্ণ ৩৭ রান।
শেষ পর্যন্ত ৪৯.৪ ওভারে ১৬৬ রানে অলআউট হয় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার হয়ে অ্যানাবেল সাদারল্যান্ড নেন ৪ উইকেট, মেগান শাটের শিকার ২ উইকেট।











































