Home আঞ্চলিক খুলনায় ডেঙ্গু-হামে শতাধিক মৃত্যু, আক্রান্ত ২৯ হাজারের বেশি

খুলনায় ডেঙ্গু-হামে শতাধিক মৃত্যু, আক্রান্ত ২৯ হাজারের বেশি

3

স্টাফ রিপোর্টার।।

খুলনা বিভাগে ডেঙ্গু ও হামের প্রকোপ অব্যাহত রয়েছে। চলতি বছরের শুরু থেকে ৮ অক্টোবর পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু ও সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ২৯ হাজার ১০৯ জন চিকিৎসা নিয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে ৫৯ জন এবং সন্দেহজনক হামে ৪৭ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে দুই রোগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০৬ জনে।

বৃহস্পতিবার ( ৮ অক্টোবর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতরের পরিচালক ডা. শেখ মোশাররফ হোসেন স্বাক্ষরিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ২৯২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ১৫ হাজার ৬২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৩ হাজার ৯৩৭ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং উন্নত চিকিৎসার জন্য ৩৯২ জনকে অন্যত্র পাঠানো হয়েছে।

জেলাভিত্তিক হিসাবে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা সবচেয়ে বেশি খুলনায়। এ জেলায় এ পর্যন্ত ৫ হাজার ৯৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৩ জনের মৃত্যু হয়েছে। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৫৭ জন এবং মারা গেছেন ২৭ জন। মৃতদের মধ্যে খুলনা জেলার বাসিন্দা ২৩ জন।

এ ছাড়া বাগেরহাটে ২ হাজার ৯৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন; মারা গেছেন তিনজন। যশোরে ১ হাজার ৫৩৮ জন ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে দুজনের। চুয়াডাঙ্গায় ১৩৩ জন ভর্তি হয়েছেন, মারা গেছেন একজন। ঝিনাইদহে ৪২১ জন ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে দুজনের।

অন্যান্য জেলার মধ্যে নড়াইলে ৫৭১, মাগুরায় ৩৫০, কুষ্টিয়ায় ৩৭৭ এবং মেহেরপুরে ২৮৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সাতক্ষীরা জেলায় ভর্তি হয়েছেন ৪৬৪ জন এবং সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩২৫ জন।

গত ২৪ ঘণ্টায়ও ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যায় এগিয়ে রয়েছে খুলনা। এ সময়ে খুলনা জেলায় ১০৯ জন এবং খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৬ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া বাগেরহাটে ৩৬ জন, যশোরে ২৮ জন, ঝিনাইদহে ১৯ জন, সাতক্ষীরা জেলায় ১৩ জন, সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৭ জন, মাগুরায় ৭ জন, নড়াইলে ১২ জন, কুষ্টিয়ায় ১৩ জন, চুয়াডাঙ্গায় দুইজন এবং মেহেরপুরে ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

হামে সন্দেহভাজন ১৩ হাজারের বেশি

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, খুলনা বিভাগে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৮৭ জনে। তাদের মধ্যে ৪৪৩ জনের হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত সন্দেহজনক হামে ৪৭ জনের মৃত্যু হয়েছে।

১৫ মার্চ থেকে ৮ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত খুলনা জেলায় সন্দেহজনক হাম রোগী পাওয়া গেছে ২ হাজার ৪২৭ জন। তাদের মধ্যে ৫৫ জনের হাম শনাক্ত হয়েছে এবং সন্দেহজনক হামে মারা গেছেন ২৫ জন।

কুষ্টিয়ায় সন্দেহজনক হাম রোগী ৩ হাজার ৬৮ জন। তাদের মধ্যে ২৩ জনের হাম শনাক্ত হয়েছে এবং সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১৫ জনের। চুয়াডাঙ্গায় সন্দেহজনক হাম রোগী ৬৭৬ জন; সেখানে হাম শনাক্তের তথ্য নেই, তবে একজনের মৃত্যু হয়েছে।

ঝিনাইদহে সন্দেহজনক হাম রোগী ১ হাজার ১২১ জন। তাদের মধ্যে ১৭ জনের হাম শনাক্ত হয়েছে এবং পাঁচজনের মৃত্যু হয়েছে। মেহেরপুরে সন্দেহজনক হাম রোগী ৭৮৪ জন; তাদের মধ্যে ১০ জনের হাম শনাক্ত হয়েছে এবং একজনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া যশোরে ৯৩৮ জন সন্দেহজনক হাম রোগীর মধ্যে ৫৮ জন, নড়াইলে ৯৯৭ জনের মধ্যে ৮৫ জন, বাগেরহাটে ৯৮৯ জনের মধ্যে ৭৪ জন এবং সাতক্ষীরায় ৪৪৩ জনের মধ্যে ৩৪ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি আক্রান্ত ও সন্দেহজনক রোগীদের চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে।