Home খেলাধুলা মেসির বিদায়ী ম্যাচ আয়োজনের অনুষ্ঠানসূচি, থাকছে চমক

মেসির বিদায়ী ম্যাচ আয়োজনের অনুষ্ঠানসূচি, থাকছে চমক

2

স্পোর্টস ডেস্ক।।

৩১ আগস্ট ঘোষণা দিয়েছিলেন, আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপ ফাইনালেই খেলে ফেলেছেন শেষ ম্যাচ। আর নয়। কিন্তু আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের (এএফএ) বিশেষ অনুরোধে শেষ ম্যাচটি খেলতে রাজি হন মেসি। এএফএ মেসির বিদায়টা স্মরণীয় করে রাখতে চায়। আয়োজন করতে চায় বিশেষ অনুষ্ঠান।

সেই অনুষ্ঠান যে সাদা-মাটা হবে না, এটা ছিল জানা কথা। মূলতঃ মেসির বিদায়ী ম্যাচের আয়োজনে কী কী থাকছে সেই অনুষ্ঠানসূচি প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। এই অনুষ্ঠানে থাকবে গান, জাতীয় সংগীত, ম্যাচ, বিরতিতে পরিবেশনা, ড্রোন শো, আতশবাজি এবং সবশেষে থাকবে বিশেষ চমক।

বাংলাদেশ সময় বুধবার (৭ অক্টোবর) ভোর ৫টায় বুয়েন্স আয়ার্সের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন লিওনেল মেসি। আর্জেন্টিনার স্থানীয় সময় তখন মঙ্গলবার রাত ৮টায়। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) বিদায়ী ম্যাচকে ঘিরে পুরো আয়োজনের সূচি প্রকাশ করেছে।

ম্যাচের আগে থেকেই শুরু হবে উৎসব। স্থানীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিটে ‘উন পোকো দে রুইদো’ দিয়ে শুরু হবে আয়োজন। এরপর একে একে মঞ্চে উঠবেন সেবাস্তিয়ান মেন্দোসা, রোমান এল অরিজিনাল, আমার আসুল, সান্তি কাইরো, কিউলোকুরা ও দামাস গ্রাতিস। রাত ৮টায় জাতীয় সংগীত পরিবেশন করবেন ফাবিও সান্তানা।

সূচি অনুযায়ী, ম্যাচের আগে শিল্পীদের পরিবেশনার সময়গুলোও নির্দিষ্ট করে দেয়া হয়েছে। বিকেল ৫টা ৪০ মিনিটে সেবাস্তিয়ান মেন্দোসা, ৫টা ৫০ মিনিটে রোমান এল অরিজিনাল, ৬টায় আমার আসুল, ৬টা ১০ মিনিটে সান্তি কাইরো এবং ৬টা ২০ মিনিটে কিউলোকুরা পরিবেশনা করবে। রাত ৭টায় থাকবে দামাস গ্রাতিসের পরিবেশনা।

এরপর রাত ৮টায় ফাবিও সান্তানার কণ্ঠে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হবে মূল ম্যাচ। বাংলাদেশের দর্শকদের জন্য সেই সময় হবে বুধবার ভোর ৫টা। ম্যাচের বিরতিতেও থাকবে বিশেষ আয়োজন। তখন গান পরিবেশন করবেন গাসপার বেনেগাস। তবে রাতের সবচেয়ে বড় আয়োজন রাখা হয়েছে ম্যাচ শেষ হওয়ার পর।

ম্যাচ শেষের পর স্থানীয় সময় রাত ১০টা ৩ মিনিটে শুরু হবে ড্রোন ও আতশবাজির শো। ১০টা ১০ মিনিটে মঞ্চে উঠবেন জনপ্রিয় শিল্পী ‘লা সোলে’ এবং ১০টা ১৫ মিনিটে পরিবেশনা করবেন উলিসেস বুয়েনো।

এরপরই আসবে বিদায়ের সবচেয়ে রহস্যময় মুহূর্ত। রাত ১০টা ৩০ মিনিটের ঘরে সূচির শেষ লাইনে লেখা ‘সোরপ্রেসা’। যার অর্থ চমক। সেখানে কোনো শিল্পীর নাম নেই, নেই বিস্তারিত কোনো ঘোষণা। শুধু জানানো হয়েছে, বিদায়ী আয়োজনের শেষ মুহূর্তে থাকবে একটি ‘সারপ্রাইজ’।

কী সেই চমক, তা এখনো প্রকাশ করেনি এএফএ। ফলে মেসির বিদায়ী রাতের সবচেয়ে বড় কৌতূহল এখন এই শেষ লাইনটিকে ঘিরেই।

এদিকে মেসির বিদায়ী ম্যাচকে কেন্দ্র করে শুধু মনুমেন্টালেই নয়, বুয়েন্স আয়ার্সজুড়ে চলছে বিশেষ আয়োজন। ইউনিভার্সিটি অব বুয়েন্স আয়ার্সের সিউদাদ ইউনিভার্সিতেরি ক্যাম্পাসে দুপুর ১২টা থেকে মধ্যরাত পর্যন্ত চলবে এএফএর ‘গ্রাসিয়াস, লিও’ ফ্যান ফেস্ট। সেখানে থাকবে গান, বিনোদন, খাবার, খেলাধুলা ও বড় পর্দায় আর্জেন্টিনা-বেনিন ম্যাচ দেখার আয়োজন।

ফিফাও নিশ্চিত করেছে, বেনিনের বিপক্ষে ম্যাচটিই আর্জেন্টিনার হয়ে মেসির শেষ উপস্থিতি। এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া মেসিকে দেশের মাটিতে প্রাপ্য বিদায় দেয়ার কথা জানিয়েছিলেন।

মূল অনুষ্ঠানসূচি ও আয়োজন

সঙ্গীত পরিবেশনা: সেবাস্তিয়ান মেন্দোসা, রোমান এল ওরিহিনাল, আমার আসুলসহ আর্জেন্টিনার ঐতিহ্যবাহী কুম্বিয়া ও লোকসংগীতশিল্পীরা গান গাইবেন।

  • জাতীয় সংগীত (‘হিমনো’): ম্যাচ শুরুর আগে জাতীয় সংগীত গাইবেন মালভিনাস যুদ্ধের সাবেক সৈনিক ফাবিও সান্তানা।
  • বিরতির বিনোদন: বিরতির সময়ে গান পরিবেশন করবেন গাসপার বেনেগাস।
  • আতশবাজি ও ড্রোন শো: ম্যাচের শেষ লগ্নে আকাশ ভরে যাবে ড্রোন ও বর্ণিল আতশবাজিতে।
  • শিল্পী পরিবেশনা: মঞ্চে আসবেন লোকসংগীতশিল্পী ‘লা সোলে’ এবং কুয়ার্তেতো গায়ক উলিসেস বুয়েনো।
  • ‘সোরপ্রেসা’ (চমক): বিদায়ী আয়োজনের একেবারে শেষ মুহূর্তে এএফএ (আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন) একটি বিশেষ চমক বা সারপ্রাইজ রেখেছে, যা নিয়ে দর্শকদের মাঝে সবচেয়ে বেশি কৌতূহল রয়েছে।
  • ‘গ্রাসিয়াস, লিও’ ফ্যান ফেস্ট: বুয়েনস আইরেসের সিউদাদ ইউনিভার্সিতেরি ক্যাম্পাসে দুপুর ১২টা থেকে মধ্যরাত পর্যন্ত বড় পর্দায় ম্যাচ প্রদর্শনসহ নানা বিনোদনের ব্যবস্থা থাকবে।