স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা পুলিশ পৃথক স্থানে বিশেষ অভিযান চালিয়ে ৮ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ৩ জনকে গ্রেফতার করেছে। শনিবার (১২ সেপ্টেম্বর ) আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার:
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সোনাডাঙ্গা থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে বয়রা ক্রস রোড খাঁ বাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় জিআর-৬৫/১৬ মামলার ৮ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা (অনাদায়ে আরও ৫ মাসের সশ্রম কারাদণ্ড) প্রাপ্ত পলাতক আসামি মোঃ আব্দুল কালাম আজাদ (৩৩)-কে গ্রেফতার করা হয়। আটক কালাম সোনাডাঙ্গা ময়লাপোতা নেছারের বস্তির নূর মিস্ত্রির ভাড়াটিয়া মৃত আব্দুল সালামের ছেলে।
নিষিদ্ধ সংগঠনের সদস্য ও চুরির মামলার আসামি আটক:
পৃথক অভিযানে শনিবার রাত ১টা ৩০ মিনিটে সোনাডাঙ্গা থানাধীন ইসলাম কমিশনার মোড় এলাকা থেকে সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (মামলা নং-১৩, তারিখ: ১০ সেপ্টেম্বর ২০২৬)-এর অধীনে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।
এছাড়া, সোনাডাঙ্গা থানাধীন হোটেল সিটি-ইন এর সামন থেকে ৩ সেপ্টেম্বর দায়েরকৃত চুরি মামলার (জিআর নং-২০১, পেনাল কোড ৩৭৯ ধারা) অপর এক আসামিকে গ্রেফতার করে পুলিশ।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত তিন আসামিকেই আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে হস্তান্তর করা হয়েছে। কেএমপির পক্ষ থেকে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।











































