Home আলোচিত সংবাদ এক মাস পর প্রকাশ্যে এসে যে বার্তা দিলেন মেলানিয়া

এক মাস পর প্রকাশ্যে এসে যে বার্তা দিলেন মেলানিয়া

2

আন্তর্জাতিক ডেস্ক।।

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এক মাস জনসমক্ষে না থাকাকে ঘিরে চলা আলোচনা তৈরি হয়েছে। এ নিয়ে তিনি রসিকতা করে বলেছেন—‘শুনেছি, আপনারা আমাকে মিস করেছেন। এই যে আমি।’

দেশটির সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট বলছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ আগস্ট) হোয়াইট হাউসের রোজ গার্ডেনে একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে যাওয়ার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে তিনি ওভাল অফিস থেকে মঞ্চের দিকে হেঁটে যান। মেলানিয়া বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প দর্শকসারিতে বসে ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে তিনি রসিকতা করে বলেছেন, ‘শুভ অপরাহ্ণ। শুনেছি, আপনারা আমাকে মিস করেছেন। এই যে আমি।’ এর আগে সর্বশেষ মেলানিয়াকে প্রকাশ্যে দেখা গিয়েছিল ১৯ জুলাই ফিফা বিশ্বকাপের ফাইনালে।

এরপর বেশ কয়েকটি বড় আয়োজনে তিনি ছিলেন না, যার মধ্যে ২৪ জুলাই পুনর্নির্ধারিত হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারও আছে। প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিলে ডিনারের প্রথম আয়োজনটিতে তিনি উপস্থিত ছিলেন; পরে সেটি এক বন্দুকধারীর ঘটনার কারণে ব্যাহত হয়।

সাম্প্রতিক এক বিশ্লেষণে মার্কিন টেলিভিশন সংস্থা এনবিসি বলছে, দ্বিতীয় মেয়াদে ফার্স্ট লেডি হিসেবে মেলানিয়া আগের তুলনায় কম প্রকাশ্য কর্মসূচিতে অংশ নিচ্ছেন। প্রথম মেয়াদের একই সময়ের তুলনায় এ দফায় তার প্রকাশ্য কর্মসূচি প্রায় অর্ধেক।