স্টাফ রিপোর্টার।।
দিন যতই যাচ্ছে, ততই রক্তাক্ত জনপদে পরিণত হচ্ছে খুলনা। মহনগরী ও পার্শ্ববর্তী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে জনমনে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হত্যাকাণ্ড, গোলাগুলি, কোপাকুপি ও গণপিটুনির মতো সহিংস ঘটনায় এই শহরের সাধারণ মানুষরা আছেন উদ্বেগ-উৎকণ্ঠায়। গত ৮ দিনে খুন হয়েছেন ৫ জন। এসব হত্যাকাণ্ড সাধারণ মানুষকে ভাবিয়ে তুলেছে।
সর্বশেষ বুধবার (১৯) আগস্ট নগরীর লবণচরায় জোড়া খুন হয়েছে। ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে খুন হন সেন্টারিং মিস্ত্রি মঞ্জুরুল ইসলাম (২২)। এর কিছুক্ষণ পরেই একই এলাকায় গুলিতে প্রাণ হারিয়েছেন নাজমুল ইসলাম (১৮)।
গত ১১ আগস্ট খুলনার রূপসার নৈহাটী ইউনিয়নের রূপসা ব্রিকসে যুবক ফখরুল ইসলামকে (৩২) সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। গত ১৫ আগস্ট উপজেলার আইচগাতী ইউনিয়নের দুর্জনীমহল শহীদের মোড়ে জয় ঢালী নামে এক যুবককে জবাই করে হত্যা করা হয়। গত ১৮ আগস্ট রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে নৈহাটীর আলো ফুটবে প্রতিবন্ধী স্কুলের সন্নিকটে মামুন মীর (৩৫) নামের এক যুবক গুলিবিদ্ধ হন। তিনি সঙ্কটজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। একই রাতে নগরীর রায়েরমহল এলাকায় শিশু অপহরণের চেষ্টার অভিযোগে গণপিটুনিতে নিহত হন রাজু (২৬) নামে এক যুবক।
এসব ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। সন্ধ্যার পর খুলনার বিভিন্ন এলাকাতেই থমথমে পরিবেশ সৃষ্টি হচ্ছে। সন্ধ্যার পর বাসার বাইরে যেতে ভয় পাচ্ছে মানুষ।
খুলনা সন্ত্রাসী কর্মকাণ্ডে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে পরিণত হয়েছে বলে সাধারণ মানুষের অভিযোগ রয়েছে। এই মুহূর্তে বিশেষ বাহিনী মোতায়ন করে সন্ত্রাসীদের তালিকা তৈরি করে তাদের গ্রেপ্তার এবং দ্রুত অবৈধ অস্ত্র উদ্ধারের জোর দাবি জানিয়েছেন নগরবাসী।
অপরাধের মূল উৎস উদঘাটন করতে না পারলে এবং অবৈধ অস্ত্র ও মাদক সরবরাহ বন্ধ করা না গেলে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড থামানো কঠিন হবে বলে নগরবাসী মনে করেছেন।
লবণচরায় জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় খুলনার সহকারী পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম ও লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন বলেছেন, “প্রতিটি ঘটনার কারণ অনুসন্ধান ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ডিবি, র্যাব-৬ ও পুলিশ বাহিনী মাঠে কাজ করছে। অতি দ্রুত আমরা তাদের আটক করতে সক্ষম হব। অপরাধের কারণ উদঘাটনের চেষ্টা চলছে।”











































