Home আঞ্চলিক আইনজীবী তারিক মাহমুদ তারার আদালতে আত্মসমর্পণ: জেলহাজতে পাঠানোর নির্দেশ

আইনজীবী তারিক মাহমুদ তারার আদালতে আত্মসমর্পণ: জেলহাজতে পাঠানোর নির্দেশ

83


স্টাফ রিপোর্টার।।


২০২৪ সালের ডিসেম্বর মাসে খুলনা থানার একটি প্রতারণার ও অর্থ আত্মসাৎ এর মামলায় খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তারিক মাহমুদ তারাকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন অ্যাডভোকেট তারিক মাহমুদ তারা। শুনানি শেষে আদালতের বিচারক ইব্রাহিম খলিল মুহিম তাকে জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেন।


আদালত সূত্র জানা যায়, ২০২৪ সালের ডিসেম্বর মাসে খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এস এম তারিক মাহমুদ তারা ও সাবেক সভাপতি এডভোকেট সাইফুল ইসলামসহ অন্যান্যদের বিরুদ্ধে খুলনা থানায় একটি প্রতারণার মামলা দায়ের করা হয়। কল্যাণ তহবিলের অর্থ সংক্রান্ত অনিয়ম ও ভুয়া কাগজপত্রের অভিযোগে ওই বছরের ডিসেম্বরের শেষের দিকে এই মামলাটি রুজু হয়েছিল যার নং-১৬(১২)২৪। মৃত. আইনজীবীদের পরিবারকে কল্যাণ তহবিল থেকে সহায়তার কথা বলে ভুয়া কাগজপত্র তৈরি ও অর্থ আত্মসাৎ বা প্রতারণার অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।

ডিসেম্বরের এই প্রতারণা মামলায় দীর্ঘ সময় আত্মগোপনে থাকার পর তারিক মাহমুদ তারা আদালতে জামিন চাইতে গেলে আদালত তার আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। মামলার অপর আসামি খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম পলাতক রয়েছেন। ইতিপূর্বে ২০২৪ সালের আগস্টেও তাদের বিরুদ্ধে ৭৪ লাখ টাকা আত্মসাতের আরেকটি মামলা হয়েছিল। এছাড়াও তাদের বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একাধিক মামলা রযেছে।