কয়রা প্রতিনিধি।।
খুলনার কয়রা উপজেলা সদর থেকে মাত্র ৬ কিলোমিটার দূরে সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সরকারি পুকুরপাড় সংলগ্ন একমাত্র কাঁচা রাস্তাটি যেন উন্নয়নের বাইরে পড়ে থাকা এক জনপদের চিত্র। দেখে মনে হবে, এ যেন রাস্তা নয়, চাষ দেওয়া জমি। এক যুগ পেরিয়ে গেলেও রাস্তাটিতে লাগেনি উন্নয়নের ছোঁয়া। সামান্য বৃষ্টি হলেই কাঁচা রাস্তাটি পরিণত হয় কাদামাটির পথে।
রাস্তাটির দুই পাশে বসবাস করেন শতাধিক পরিবার। প্রতিদিন এ কাদা মাড়িয়েই কোমলমতি শিশুদের যেতে হয় স্কুলে। শুধু শিশুরাই নয়, চরম দুর্ভোগে পড়েন বয়োবৃদ্ধ ও অসুস্থ মানুষরাও।
গ্রামের মানুষের নিত্যদিনের প্রয়োজনও এ পথকে ঘিরেই। কৃষকের উৎপাদিত ফসল আনা-নেওয়া, নারীদের সরকারি পুকুর থেকে পানি সংগ্রহ সবকিছুতেই ব্যবহার করতে হয় জরাজীর্ণ এ কাঁচা রাস্তা। বর্ষা এলেই দুর্ভোগ যেন আরও কয়েকগুণ বেড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাশে কয়রা সিদ্দীকিয়া ফাজিল মাদ্রাসা ও শাকবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজে ও প্রাথমিক বিদ্যালয় রয়েছে। রাস্তার মাঝে বসবাসকারী এসব শিক্ষার্থী, নারী, শিশু ও বয়োবৃদ্ধদের বৃষ্টির সময় চলতে হয় প্রতিনিয়ত দুর্ভোগ নিয়ে। ইউনিয়ন পরিষদ বা এলজিইডির মাধ্যমে দ্রুত রাস্তাটি ইট সলিং দ্বারা পাকা করণের দাবি জানান তারা।
স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম বলেন, দীর্ঘ সময় ধরে রাস্তাটি কাঁচা, বছরের পর বছর এভাবেই চলাচল করতে হয় আমাদের। বৃষ্টির দিনে শিশুদের স্কুলে যেতে জামা-কাপড় ও জুতা কাদায় নষ্ট হয়ে যায়। অনেক সময় রাস্তার অবস্থা খারাপ থাকায় স্কুলে যেতেও সমস্যা হয়।
নাজমা খাতুন বলেন, এ রাস্তায় চলাচল করা কঠিন। আমরা চাই দ্রুত রাস্তাটি পাকা করা হোক।
সংশ্লিষ্ট কয়রা সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য নাজমুচ্ছায়াদাত বলেন, ১ কিলোমিটার দীর্ঘ এ রাস্তাটি ইউনিয়ন পরিষদের এক অর্থবছরের যে বাজেট পাই, সেটা দিয়ে সম্ভব নয়। ২০২৫-২৬ অর্থবছরে আমি যে বরাদ্দ পেয়েছি, তা দিয়ে প্রায় ৬ চেইনের মতো পাকাকরণ করেছি। বরাদ্দ পেলে আগে এ রাস্তাটি পাকা করা হবে।
কয়রা সদর ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান এস এম লুৎফর রহমান বলেন, ২০২৫-২৬ অর্থবছরে যে বরাদ্দ পেয়েছিলাম, সেটা দিয়ে ওই রাস্তার এক মাথা থেকে কিছু অংশ কাজ করা হয়েছে। আগামী অর্থবছরে বরাদ্দ পেলে ৮ নং ওয়ার্ডের ওই রাস্তাটির কাজ করা হবে। আশা করি, দ্রুত সময়ের মধ্য দুর্ভোগ লাঘব হবে।
উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী মো. আফজাল হোসেন বলেন, রাস্তার দুর্ভোগের বিষয়ে আমাদের জানা ছিল না। আপনার মাধ্যমে জানতে পেরেছি। তবে যদি ওই রাস্তাটি যদি এলজিইডির তালিকাভুক্ত থাকে, তাহলে আমরা দ্রুত পাকাকরণের ব্যবস্থা করব। আর যদি তালিকাভুক্ত না থাকে, তাহলে তালিকায় নাম তুলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।











































