খুলনাঞ্চল রিপোর্ট
বাগেরহাটের মোংলায় রাতের আঁধারে সরকারি স্কুলমাঠ কেটে খাল তৈরি করেছে প্রভাবশালী একটি মহল। মাঠে গর্ত হওয়ায় দুর্ঘটনার শঙ্কায় পড়েছে শিক্ষার্থীরা। জানা যায়, শনিবার (৮ আগস্ট) রাতের আঁধারে উপজেলার সুন্দরবন ইউনিয়নের বুরবুড়িয়া সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের মাটি তুলে খালে রূপান্তর করেছে স্থানীয় একটি প্রভাবশালী মহল।
স্থানীয় বাসিন্দা অনিল গাইন ও মোহন বৈরাগী জানান, রাতে স্কুলের পাশের বাসিন্দা লাভলী মজুমদার তার লোকজন দিয়ে স্কুলের মাঠের মাটি কেটে খালে রূপান্তর করেছে। এতে করে পানিতে তলিয়ে থাকা ওই গর্তে শিক্ষার্থীরা পড়ে দুর্ঘটনার শঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে বন্ধ হয়েছে শিক্ষার্থীদের খেলাধুলা। আমরা দ্রুত জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। বুরবুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলেখা খানম জানান, মাটি কেটে স্কুল মাঠের এমন অবস্থা তৈরী করেছে, মনে হচ্ছে পুরোপুরি খাল কাটা হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটি বা স্কুল কর্তৃপক্ষের অনুমতি ছাড়া মাটি কাটার কোনো এক্তিয়ার নেই। তাই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।
অভিযুক্ত লাভলী মজুমদার জানান, বৃষ্টির পানিতে তার বাড়িঘর ও গাছপালা তলিয়ে যাওয়ায় পানি নিষ্কাশনের জন্য মাটি কেটেছেন। মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি জানান, শিক্ষার পরিবেশ নষ্ট করার সুযোগ নেই। মাটি কাটার বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তাই ওই ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।










































