আনোয়ার হোসেন, মণিরামপুর (যশোর) :
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেছেন, মণিরামপুরবাসীর দোয়া ও ভালবাসায় আমি স্বপরিবারে ঘাতক করোনামুক্ত হয়েছি। মণিরামপুরবাসী আমাকে কতটুকু ভালবাসেন তা করোনা আক্রান্ত হওয়ারপর জেনেছি। হাসপাতালে থাকতে বহুমানুষ আমাকে ফোন করে খবর নিয়েছেন। অনেকে আমাকে দেখতে হাসপাতালে গেছেন। আমার এবং পরিবারের রোগমুক্তির জন্য বিভিন্ন মসজিদ, মাদরাসা ও মন্দিরে দোয়া হয়েছে। আমি এই ভালবাসার ঋণ শোধ করতে পারব না।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে মণিরামপুর পাট গবেষণা উপ-কেন্দ্রে আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘করোনা আক্রান্ত হওয়ার পর হাসপাতালের বেডে শুয়ে মণিরামপুরের মানুষের কথা ভেবেছি। দিনেরপর দিন বহুমানুষ আমাদের মুক্তির জন্য রোজা রেখেছেন। আমার চিন্তাধারা পরিবর্তন হয়েছে। চলার পথে অনেক শিক্ষা হয়েছে। পিছনের ভুলত্রুটির জন্য ক্ষমা চাচ্ছি। মণিরামপুরের আপামর জনসাধারণের জন্য নিজেকে বিলিয়ে দিতে চাই।’
গত ৫ অক্টোবর স্ত্রী সন্তানসহ করোনা আক্রান্ত হন স্বপন ভট্টাচার্য। ১৭ দিন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে ২২ অক্টোবর সুস্থ হয়ে স্ত্রীকে নিয়ে বাসায় ফেরেন তিনি। এরপর মঙ্গলবার নিজ নির্বাচনী এলাকা মণিরামপুরে আসেন তিনি।
প্রতিমন্ত্রী সুস্থ হয়ে মণিরামপুরে আগমন উপলক্ষে পাট গবেষণা চত্বরে কৃতজ্ঞতা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা আওয়ামীলীগ। মুখে মাস্ক পরে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা-কর্মীরা সেখানে সমবেত হন।
স্বপন ভট্টাচার্য বলেন, ‘গত কয়েক বছরে মণিরামপুরে রাস্তাঘাটসহ অবকাঠামো যত উন্নতি হয়েছে যশোরের আর কোন উপজেলায় এমনটি হয়নি। মানুষেরপ্রতি ভালবাসায় এটা সম্ভব হয়েছে। আরো তিন বছর আমার ক্ষমতা আছে। এরমধ্যে যত উন্নয়ন সম্ভব মণিরামপুরের জন্য তাই করা হবে।’
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ‘করোনামুক্তির পর মণিরামপুরের ১৭ টি ইউনিয়নের জন্য তিনটি করে নতুন রাস্তা অনুমোদন করেছি। দ্রুত এই অঞ্চলের দুস্থ অসহায় আড়াই হাজার নারীর মধ্যে একলাখ টাকা মূল্যের একটি করে গরু বিতরণ করা হবে। সাথে গরু পালনের জন্য প্রতি নারীকে বিশ হাজার করে টাকা দেওয়া হবে।’
এছাড়া বিদেশগামী বেকার যুবকদের প্রশিক্ষণের জন্য দুইশ’ কোটি টাকা ব্যয়ে মণিরামপুরে একটি প্রশিক্ষণ কেন্দ্র গড়ার পরিকল্পনা চলছে বলে জানান প্রতিমন্ত্রী।
মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, অ্যাডভোকেট বসির আহম্মেদ, ইউপি চেয়ারম্যান গাজী মোহাম্মদ, শামসুল হক মন্টু, মুক্তিযোদ্ধা আলাউদ্দিন, সাবেক যুবলীগ নেতা স,ম আলাউদ্দিন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ প্রমুখ।











































