ঢাকা অফিস।।
দেশ পুনর্গঠনের পাশাপাশি ষড়যন্ত্রের প্রতি সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বছরপূর্তি উপলক্ষে মঙ্গলবার (৪ আগস্ট) ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আলোচনা সভায় একথা বলেন সরকারপ্রধান।
তিনি বলেন, আসুন অনেক কথা হয়েছে, আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, তর্ক-বিতর্ক হয়েছে। এখন সময় হচ্ছে দেশ পুনর্গঠন করার, এখন সময় হচ্ছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। এখন সময় হচ্ছে ধৈর্য সহকারে ঠান্ডা মাথায় যারা ষড়যন্ত্র করতে চায়, তাদের ষড়যন্ত্রের প্রতি সজাগ দৃষ্টি রাখা, জনগণকে সতর্ক করা। ঠিক একইভাবে যেই পরিকল্পনা জনগণের সামনে দিয়েছি, জনগণের জন্য যা করতে চাইছি, দেশকে পুনর্গঠনের জন্য আমরা যা করতে চাইছি, সেগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা।
জনগণের আকাঙ্ক্ষার কথা তুলে ধরে তিনি বলেন, জনগণ এখন চায় বলা কথাগুলো বাস্তবায়ন করি। জনগণ চায় রাস্তায় শান্তি, তার সন্তানের শিক্ষার ব্যবস্থা, তার জন্য চিকিৎসার ব্যবস্থা, নিরাপত্তা। জনগণ চায় যে তার কর্মসংস্থানের ব্যবস্থা অথবা যার যেটা যোগ্যতা সে অনুযায়ী ব্যবসা-বাণিজ্য, চাকরি বাকরি করবে; এটি হচ্ছে জনগণের চাওয়া। একইসঙ্গে জনগণ চায় তার যে রাজনৈতিক অধিকার, সেটি যাতে সময়মত প্রয়োগ করতে পারে।…আমার মনে হয় আপনারাও আমার সঙ্গে কমবেশি একমত হবেন। কাজেই আসুন জনগণ যেটি চায়, সেই কাজে নিজেদের নিয়োজিত করি।










































