স্টাফ রিপোর্টার।।
খুলনা নগরীর দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মোঃ ইসমাইল (৩২) নামের এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। তিনি একাধিক মামলার আসামি ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
শুক্রবার (৩১ জুলাই) রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটের দিকে দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় এই গুলির ঘটনা ঘটে।
নিহত ইসমাইল বড় খালপাড় এলাকার শাজাহান ওরফে পাগলা শাজাহানের ছেলে। পুলিশ জানায়, নিহত ইসমাইল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তাঁর বিরুদ্ধে পুলিশ অ্যাসোল্ট মামলা ও হত্যা মামলাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি চালালে তিনি মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কে বা কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা অনুসন্ধানে মাঠে নেমেছে খুলনা থানা পুলিশ।











































