গোপালগঞ্জ প্রতিনিধি।।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রায় শতবর্ষী এক বৃদ্ধের ভরণপোষণ না দেওয়া এবং শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে তার সন্তানদের বিরুদ্ধে।
রবিবার (২৬ জুলাই) এ ঘটনায় আইনি প্রতিকার চেয়ে টুঙ্গিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। তার নাম আব্দুস সালাম। তিনি উপজেলার গিমাডাঙ্গা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।
অভিযোগে আব্দুস সালাম উল্লেখ করেছেন, তার তিন ছেলে ও চার মেয়ে রয়েছে। ছেলেরা সবাই আয়-রোজগার করলেও কেউ তার ভরণপোষণের দায়িত্ব পালন করেন না। বড় ছেলে অলী বিশ্বাসের প্ররোচনায় অন্য ছেলেরাও তার দেখাশোনা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। ফলে জীবিকার তাগিদে বাধ্য হয়ে তাকে ভিক্ষাবৃত্তি বেছে নিতে হয়েছে।
অভিযোগে তিনি আরো বলেছেন, খাবার বা পড়নের কাপড় চাইলে ছেলেরা প্রায়ই তার সঙ্গে দুর্ব্যবহার ও শারীরিক নির্যাতন করে। এমনকি তার ব্যবহৃত কাঁথা-কম্বলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। বয়সের ভারে ন্যুব্জ হয়ে বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন তিনি। তাই সন্তানদের কাছ থেকে আইন অনুযায়ী ভরণপোষণ নিশ্চিত করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন আব্দুস সালাম।
স্থানীয়রা জানান, সারাজীবন সন্তানদের ভবিষ্যৎ গড়তে কঠোর পরিশ্রম করা আব্দুস সালাম আজ অবহেলা ও অসহায়ত্বের প্রতীক হয়ে দাঁড়িয়েছেন। তাদের মতে, এ ঘটনা শুধু একটি পরিবারের নয়, এটি সমাজে বাবা-মায়ের প্রতি সন্তানের দায়িত্ববোধ; নৈতিকতা ও মানবিকতার প্রশ্নও সামনে এনে দিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগীর বড় ছেলে অলী বিশ্বাস অভিযোগের কিছু অংশের সত্যতা স্বীকার করেছেন। তিনি দাবি করেন, তিন ভাইয়ের মধ্যে মেজ ভাই তাদের মা-বাবার কোনো খোঁজ খবর নেন না।
কেন নেন না? সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি তার বাবাকে মেজ ভাইয়ের কাছে জানতে চাইতে বলেন। অলী বিশ্বাসের ভাষ্য, তাদের বাবা মেজ ছেলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন না বা কিছু বলেন না। এ কারণেই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।











































