Home আঞ্চলিক বাংলাদেশে চক্রান্তকারীরা থেমে নেই : জয়ন্ত কুন্ডু

বাংলাদেশে চক্রান্তকারীরা থেমে নেই : জয়ন্ত কুন্ডু

0


খবর বিজপ্তি
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু বলেছেন, “বর্তমান গণতান্ত্রিক সরকারের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে ভারতে পালিয়ে থাকা ‘২৪-এর পরাজিত শক্তি এবং ‘৭১-এর পরাজিত শক্তি একাট্টা হয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছে।”


রবিবার (২৬ জুলাই) বিকেলে খুলনা মহানগর যুবদলের নবগঠিত ৩১টি ওয়ার্ড ও তিনটি ইউনিয়নের নেতৃবৃন্দের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


প্রধান অতিথির বক্তব্যে জয়ন্ত কুমার কুন্ডু আরও বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত এই বাংলাদেশে চক্রান্তকারীরা থেমে নেই। ‘৭১-এর স্বাধীনতাবিরোধী এবং ‘২৪-এর পরাজিত ফ্যাসিবাদী গোষ্ঠী বিদেশে বসে হাত মিলিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করা ও উন্নয়নকে থামিয়ে দেওয়ার পায়তারা করছে। তাদের এই সব অপচেষ্টা ও ষড়যন্ত্র প্রতিরোধ করতে তৃণমূলের প্রতিটি যুবদল নেতাকর্মীকে সুসংগঠিত ও প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।


সভায় বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ চেয়ারম্যান এডভোকেট শফিকুল আলম মনা বলেন, “বাংলাদেশের যেকোনো জাতীয় সংকট ও কঠিন মুহূর্তে জিয়া পরিবার সবসময় ঢাল হয়ে এ দেশের আপামর জনগণের পাশে দাঁড়িয়েছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম সম্মুখ সারিতে থেকে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। ৯০-এর দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজপথে নেতৃত্ব দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন। আর সর্বশেষ ২০২৪-এর জুলাইয়ের সফল গণঅভ্যুত্থানে তারেক রহমান দূরদর্শী নেতৃত্ব দিয়ে স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছেন।” তিনি আরও বলেন, এই ত্যাগের ইতিহাস মনে রেখে প্রতিটি নেতাকর্মীকে শহীদ জিয়া ও তারেক রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে কাজ করতে হবে।


বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন বলেন, “ফ্যাসিস্ট প্রধান শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার ষড়যন্ত্র এখনো থেমে নেই। বিদেশে বসে তিনি দেশবিরোধী চক্রান্ত চালিয়ে যাচ্ছেন, আর দেশে অবস্থানরত তার দোসররা বিভিন্ন মাধ্যমে সেই এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে।” তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রাজপথের পরীক্ষিত সৈনিক যুবদল নেতাকর্মীরা বেঁচে থাকতে ফ্যাসিস্টদের কোনো দোসরকে এ দেশে আর কোনো চক্রান্ত বাস্তবায়ন করতে দেওয়া হবে না। সকল অপশক্তির হাত গুঁড়িয়ে দিতে যুবদলই রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে।