স্পোর্টস ডেস্ক।।
ফিফা বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে আর্জেন্টিনার পরাজয়ের পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে।
তিনি আর্জেন্টিনার খেলোয়াড়দের আচরণকে অসহনীয় ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। এ ঘটনার তদন্তে শৃঙ্খলা ও নৈতিকতা–বিষয়ক একজন প্রসিকিউটরও নিয়োগ করেছে ফিফা।
গত রোববারের ফাইনাল ম্যাচ শেষে শেষ বাঁশি বাজার পরপরই উত্তেজনার সূত্রপাত হয়। আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের সঙ্গে স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়া ও মিডফিল্ডার গাভিসহ কয়েকজন খেলোয়াড়ের বাকবিতণ্ডা দ্রুত হাতাহাতিতে রূপ নেয়।
পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, দুই দলের খেলোয়াড়দের সংঘর্ষ থামাতে জোর করে আলাদা করতে হয়। এ সময় আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি নিজের খেলোয়াড়দের শান্ত করার চেষ্টা করেন।
ঘটনার পর ফিফা বিষয়টি তদন্তে একজন শৃঙ্খলা ও নৈতিকতা–বিষয়ক প্রসিকিউটর নিয়োগ করেছে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।
স্পেনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিভিইকে দেওয়া সাক্ষাৎকারে দে লা ফুয়েন্তে বলেন, ‘এ ধরনের আচরণ আমি অসহনীয় ও অগ্রহণযোগ্য বলে মনে করি। যেসব খেলোয়াড়ের প্রশংসা আমি ম্যাচের আগে করেছি এবং যাদের একজন অসাধারণ কোচ রয়েছেন, তাদের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত ছিল না।’
তিনি আরও বলেন, ‘আমি আমাদের খেলোয়াড়দের আচরণের প্রশংসা করতে চাই। উসকানি ও আগ্রাসনের মুখেও তারা ধৈর্য ধরে রেখেছে এবং প্রকৃত পেশাদারের মতো আচরণ করেছে।’
দে লা ফুয়েন্তের মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করেছে রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে, ফাইনালের পর সংঘর্ষে নিজের ভূমিকার জন্য বুধবার প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালা।











































