খুলনাঞ্চল ডেস্ক
টানা ৪৯ দিনের আন্দোলনের পর অবশেষে দিল্লির যন্তর মন্তরে চলা শিক্ষার্থীদের বিক্ষোভ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আন্দোলনকারী ও আয়োজকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের আশ্বাস এবং নিট (এনইইটি) প্রশ্নপত্র ফাঁস-সংক্রান্ত ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণসহ বেশ কয়েকটি দাবিতে সরকারের সঙ্গে সমঝোতার পর শনিবার এ ঘোষণা দেয় সংগঠনটি। ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা যায়, সরকারের প্রতিনিধিদের সঙ্গে তিন দফা বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানায় সিজেপি। আলোচনায় সরকারের পক্ষে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা এবং জিতেন্দ্র সিং। অন্যদিকে সিজেপির প্রতিনিধিদলে ছিলেন প্রধান মুখপাত্র সৌরভ দাস, অশুতোষ রাঙ্কাসহ অন্য নেতারা।
বৈঠক শেষে সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস বলেন, সরকারের দেওয়া প্রতিশ্রুতিগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের প্রত্যাশায় ‘সদিচ্ছার ভিত্তিতে’ আন্দোলন প্রত্যাহার করা হচ্ছে। তিনি বলেন, ‘ককরোচ জনতা পার্টি সদিচ্ছার ভিত্তিতে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিচ্ছে। সরকারের সঙ্গে যে বিষয়গুলোতে সমঝোতা হয়েছে, সেগুলো নির্ধারিত সময়ের মধ্যেই বাস্তবায়িত হবেÑএই বিশ্বাস থেকেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’
৪৯ দিনের আন্দোলনের ইতি: গত ৬ জুন দিল্লির যন্তর মন্তরে আন্দোলন শুরু করেছিল সিজেপি। নিট (এনইইটি) প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা-সংক্রান্ত অনিয়মের প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলন টানা ৪৯ দিন ধরে চলে। সংগঠনটির তিনটি প্রধান দাবি ছিলÑকেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আন্দোলনকারী ও আয়োজকদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার এবং নিট (এনইইটি) প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য এক কোটি রুপি ক্ষতিপূরণ।









































