স্টাফ রিপোর্টার।।
খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) সম্পত্তি শাখার কর্মকর্তা গাজী সালাউদ্দিনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ২০ হাজার টাকা ঘুষ দাবি, শারীরিক হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে।
আজ ২৫ জুলাই (শনিবার) বেলা ১২টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খালিশপুর ১০ নম্বর ওয়ার্ডের রক্ষীবাহিনী ক্যাম্প পাম্প এলাকার বাসিন্দা ফরিদা ইয়াসমিন সীমা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, তার স্বামী মোঃ দুলাল উদ্দিন খান দীর্ঘদিন ধরে খুলনা ওয়াসা-র মাস্টাররোল কর্মচারী (সহকারী পাম্প অপারেটর) হিসেবে দায়িত্ব পালন করছেন। ওয়াসা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে তারা উক্ত পাম্প হাউজ সংলগ্ন বসতিতে বসবাস করেন। গত ১২ জুলাই বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে কেসিসি’র সম্পত্তি শাখার কর্মকর্তা গাজী সালাউদ্দিন হুট করেই তাদের বসতি ও সংরক্ষিত পাম্প হাউজে জোরপূর্বক প্রবেশ করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করেন।
অভিযোগে বলা হয়, পাম্পের স্বতস্ফূর্ত চালচলন ও রক্ষাবেক্ষণের জন্য ফরিদা ইয়াসমিন সীমার স্বামী নিজ খরচে কিছু সংস্কার কাজ করালে কর্মকর্তা সালাউদ্দিন ক্ষমতার দাপট দেখিয়ে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। ঘুষ দিতে অস্বীকৃতি জানালে এবং কেসিসি’র কোনো লিখিত অনুমতিপত্র দেখতে চাইলে উক্ত কর্মকর্তা ক্ষিপ্ত হয়ে তার স্বামীর ওপর চড়াও হন। এ সময় ফরিদা ইয়াসমিন সীমা ও তার ২২ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী ছেলে নিলয় বাধা দিতে গেলে তাদের ওপরও হাত তোলা হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। স্থান ত্যাগ করার আগে অভিযুক্ত কর্মকর্তা মোবাইল ফোনে এলাকা থেকে লোক ডেকে এনে তাদের দেখে নেওয়ার হুমকি দেন বলেও দাবি করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় ইতোমধ্যে খালিশপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করার পাশাপাশি কেসিসি প্রশাসক এবং ওয়াসা ব্যবস্থাপনা পরিচালক বরাবরে আইনি পদক্ষেপ ও নিরাপত্তার আবেদন জানানো হয়েছে।
সংবাদ সম্মেলন থেকে কেসিসি কর্মকর্তা গাজী সালাউদ্দিনকে অবিলম্বে বরখাস্ত ও গ্রেফতার, পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।











































