স্টাফ রিপোর্টার।।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) লবণচরা থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৮টি চোরাই/অবৈধ মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) মো. শফিকুল ইসলাম এবং লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশারেফ হোসেনের নেতৃত্বে এসআই খান মো. তানজীর হোসেন, এসআই পীযূষ দাশ, এসআই মো. আশরাফুল আলম, এসআই মো. শরিফুল ইসলাম, এসআই মো. শিহাবুল ইসলাম, এএসআই মো. কামরুল ইসলাম, এএসআই মো. মোখলেছুর রহমান, এএসআই মো. আনোয়ার হোসেন, এএসআই মো. আজিম উদ্দিন সরদারসহ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে লবণচরা থানা পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।
গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৪ জুলাই (শুক্রবার) রাত ৭টা ২০ মিনিটে লবণচরা থানাধীন সাচিবুনিয়া বাজারের ‘বন্ধু চার্জিং পয়েন্ট’ থেকে ৭টি এবং ‘যমুনা চার্জিং পয়েন্ট’ থেকে ১টিসহ সর্বমোট ৮টি বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত চার্জিং পয়েন্ট ও গ্যারেজের মালিক উদ্ধারকৃত মোটরসাইকেলগুলোর উপযুক্ত মালিকানা, সন্তোষজনক তথ্য বা কোনো বৈধ কাগজপত্র উপস্থাপন করতে পারেননি।
উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো বর্তমানে লবণচরা থানা হেফাজতে রয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং এ সংক্রান্তে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।









































