Home আঞ্চলিক খুলনায় নিষিদ্ধ ঘোষিত আ’লীগের পক্ষে মিছিল ও পতাকা উত্তোলনের অভিযোগে জুয়েল গ্রেফতার

খুলনায় নিষিদ্ধ ঘোষিত আ’লীগের পক্ষে মিছিল ও পতাকা উত্তোলনের অভিযোগে জুয়েল গ্রেফতার

131


স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের পক্ষে রাজপথে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ এবং ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের মতো গুরুতর অভিযোগে কাজী আখতারুজ্জামান জুয়েল (৪২) নামে এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) খুলনা সদর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত কাজী আখতারুজ্জামান জুয়েল খুলনা সদর থানার ৬২ নম্বর ট্যাঙ্ক রোড এলাকার বাসিন্দা কাজী আলী আহমেদের ছেলে। তিনি নগরীর বিতর্কিত সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আলী আকবর টিপুর নিকট আত্মীয় বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর যখন সারা দেশে আওয়ামী লীগের শীর্ষ নেতারা আত্মগোপনে চলে যান, তখনো জুয়েল নগরীতে দলটির পক্ষে গোপন তৎপরতা চালিয়ে আসছিলেন।

৫ আগস্ট-পরবর্তী সময়ে জনরোষের তোয়াক্কা না করে মহানগর আওয়ামী লীগ অফিসে গিয়ে দলীয় পতাকা উত্তোলন করার মতো ঔদ্ধত্য দেখানোর সরাসরি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া সম্প্রতি জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষে আয়োজিত একটি ঝটিকা বিক্ষোভ মিছিলে জুয়েল সরাসরি অংশ নেন এবং অগ্রণী ভূমিকা পালন করেন। সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিছিলে তার উপস্থিতির বিষয়টি নিশ্চিত হওয়ার পরই পুলিশ তাকে গ্রেফতারে মাঠে নামে।


খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জুয়েলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, নিষিদ্ধ সংগঠনের পক্ষে ঝটিকা মিছিলে অংশ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির সুনির্দিষ্ট অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত ব্যক্তি আওয়ামী লীগের কোনো আনুষ্ঠানিক পদ-পদবীতে আছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে।


ওসি আরও জানান, ৫ আগস্টের পর দলীয় কার্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি ও নিষিদ্ধ সংগঠনের পক্ষে উস্কানিমূলক কর্মকাণ্ডের সাথে তার সংশ্লিষ্টতার বিষয়ে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করাসহ পরবর্তী কঠোর আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। কোনো ধরনের অপরাধী বা নিষিদ্ধ সংগঠনের দোসরদের ছাড় দেওয়া হবে না বলে পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে।