Home খেলাধুলা অভিষেক-সূর্যবংশীর ছক্কায় রাশ টানতে চায় বিসিসিআই

অভিষেক-সূর্যবংশীর ছক্কায় রাশ টানতে চায় বিসিসিআই

0

স্পোর্টস ডেস্ক।।

এ যেন স্বর্গ থেকে সোজা নরকে পতন। মাস তিনেক আগে দোর্দন্ড প্রতাপে টি-২০ বিশ্বকাপ জেতা ভারত গেছে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে।

ম্যাচ তো ম্যাচ ভারতের লক্ষ্য ছিল নিজেদের টানা সিরিজ জয়ের রেকর্ডটা আরো বাড়িয়ে নেয়ার। কিন্তু ঘটনা ঘটেছে একদম উল্টো। বিশ্বকাপের পর ৬ ম্যাচ খেলেও জয়ের দেখা পায়নি ভারত। পুচকে আয়ারল্যান্ডের কাছে ২-০ ম্যাচে সিরিজ হারের লজ্জা আরো গভীর হয়েছে ইংল্যান্ডের কাছে শোচনীয় পরাজয়ে।

এক ম্যাচ বাকি থাকতেই ভারত হেরে বসে আছে ৩-০ তে, ভাগ্যিস সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে গিয়েছিল!
বিশ্বকাপ জেতা অধিনায়ক সূর্যকুমার যাদবকে সরিয়ে শ্রেয়াস আইয়ারের হাতে অধিনায়কের দায়িত্ব দিয়ে টি২০ ফরম্যাটে নতুন শুরু করতে চেয়েছিল ভারত। কিন্তু সে চেষ্টা শুরুতেই মুখ থুবড়ে পড়েছে। ভারদের এই উল্টো রথে চড়ে বসায় বিস্মিত অনেকেই। তবে সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন সম্ভবত ভারতের রোগটা ধরতে পেরেছেন, ‘ইংল্যান্ড একেবারেই আলাদা।

মনে রাখতে হবে এটা আইপিএল নয়। ভারত যত দ্রুত এটা বুঝবে, ততই তাদের জন্য মঙ্গল। আইপিএলে আপনি প্রতি বলেই মারার চেষ্টা করতে পারেন। কিন্তু ইংল্যান্ডে বল সুইং করবে, উইকেটে বাউন্স থাকবে। পরিস্থিতি একদম আলাদা। আর ইংল্যান্ডের বোলাররাও বুঝে গেছে কাকে কীভাবে কাবু করতে হবে। আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে।’

২৩৭ স্ট্রাইক রেটে ৭৭৬ রান করে দলের সাথে আসা বৈভব সূর্যবংশীকে প্রথম তিন ম্যাচ বসিয়ে রাখা নিয়ে তুমুল সমালোচনা ছিল। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে সঞ্জু স্যামসনকে বাদ দিয়ে দলে নেয়া হয় বৈভবকে। কিন্তু তাতেও কিছু বদলায়নি। তিন ম্যাচে বৈভব করেছেন ১৪, ১৩ ও ১৫ রান। কিন্তু মাত্র তিন ম্যাচের পারফরম্যান্স দেখে বিশ্বকাপ হিরো সঞ্জুকে বাদ দেয়া নিয়েও এখন সমালোচনা হচ্ছে। সাবেক ক্রিকেটার পার্থিব প্যাটেল বলেছেন, ‘আপনারা আবেগে সিদ্ধান্ত নিয়েছেন, যুক্তিতে নয়। যুক্তিতে নিলে কিছুতেই স্যামসনকে বাদ দেয়া যেতো না।’

ইংল্যান্ড সফর শেষে দেশে ফিরলে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড-বিসিসিআই দলের পারফরম্যান্স মূল্যায়নে বৈঠকে বসবে। বৈঠকে দলের প্রধান কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক শ্রেয়াস আইয়ারও থাকবেন। বিসিসিআই সেক্রেটারি দেবজিত সাইকি বলেছেন, ‘আমরা দলের পারফরম্যান্স নিবড়ভাবে অনুসরণ করছি। তবে এটা অস্বাভাবিক নয়, আন্তর্জাতিক ‍ক্রিকেটে এটা হতেই পারে। আমরা এটাকে বাজে ফর্ম হিসেবেই বিবেচনা করছি। সিরিজ শেষে আমরা বসবো। সেখানে সবকিছু আলোচনা করে, ভুলগুলো চিহ্নিত করে দলকে সঠিক পথে ফিরিয়ে আনার কৌশল ঠিক হবে।’

তবে আপাতত বিসিসিআই দলের দুই ওপেনার অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশীর ছক্কা মারার প্রবণতায় একটু রাশ টানতে চায়। অভিষেক শর্মা সিরিজে অন্য ব্যাটসম্যানদের তুলনায় ভালো খেললেও দলকে জেতানোর জন্য তা যথেষ্ট ছিল না। বিসিসিআইয়ের একটি সূত্র বলছে, অভিষেক ও বৈভবের ছক্কা মারার ক্ষমতা অসাধারণ। কিন্তু একটু সংযত হওয়া উচিত।’

সিরিজের চতুর্থ ম্যাচে হারার পর প্রধান কোচ গৌতম গম্ভীরকে দেখা গেছে বৈভব সূর্যবংশীর সাথে দীর্ঘ সময় আলাপ করতে। সেখানে তিনি বিসিসিআইয়ের বার্তা পৌঁছে দিয়েছেন কি না যায়নি। তবে আজ সন্ধ্যায় সিরিজের শেষ ম্যাচে ভারত তদের হারানো গৌরব কিছুটা পুনরুদ্ধার করতে পারে কিনা, সেটার জস্য অপেক্ষা করতে হবে।