ঢাকা অফিস।।
আইন সাংবাদিকতায় সর্বোচ্চ পেশাদারিত্ব, নৈতিকতা, সততা ও দায়িত্বশীলতা বজায় রেখে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেছেন, আদালতের মর্যাদা অক্ষুণ্ন রেখে বস্তুনিষ্ঠ ও নির্ভুল সংবাদ পরিবেশনের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠায় আইন সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
বুধবার (১ জুলাই) বঙ্গভবনে ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি হাসান জাবেদ ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশনের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, আইন সাংবাদিকতা বিচারব্যবস্থা ও জনগণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধ হিসেবে কাজ করে।
আদালতের কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রায় সম্পর্কে বস্তুনিষ্ঠ, নির্ভুল ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে আইন সাংবাদিকরা ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। পাশাপাশি সহজ ভাষায় আইন সম্পর্কে জনগণকে সচেতন করতেও তাদের ভূমিকা প্রশংসনীয়।
তিনি বলেন, সংবিধানের প্রাধান্য, আইনের শাসন ও ন্যায়বিচার একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক ভিত্তি। এ লক্ষ্যেই বর্তমান সরকার সংবিধানের আলোকে আইনের শাসন, ন্যায়বিচার, মানবাধিকার এবং সুশাসন প্রতিষ্ঠায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
মো. সাহাবুদ্দিন বলেন, বিচারব্যবস্থার আধুনিকায়ন এবং তথ্যপ্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। বিচার বিভাগ, আইনজীবী, আইন সাংবাদিক এবং সংশ্লিষ্ট সব অংশীজনের সম্মিলিত প্রচেষ্টায় বিচারপ্রার্থীদের ন্যায়বিচার পাওয়া আরও সহজ ও দ্রুততর হবে।
রাষ্ট্রপতি আদালতের মর্যাদা ও বিচারাধীন বিষয়ের সংবেদনশীলতা অক্ষুণ্ন রেখে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার আহ্বান জানান। একই সঙ্গে অপতথ্য, ভ্রান্ত তথ্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মিথ্যা তথ্য মোকাবিলায় সাংবাদিকদের আরও সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দেন।
এর আগে রাষ্ট্রপতি ল’ রিপোর্টার্স ফোরামের রজতজয়ন্তী উপলক্ষে প্রকাশিত বিশেষ স্মরণিকার মোড়ক উন্মোচন করেন। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব খান মো. নূরুল আমীন, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম, সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।











































