Home আঞ্চলিক জামায়াত নেতাসহ দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ

জামায়াত নেতাসহ দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ

1

কুষ্টিয়া প্রতিনিধি।।

দৌলতপুরে পীর শামীম জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমান হত্যা মামলার প্রধান আসামি জামায়াত নেতা ও কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মুহাম্মদ খাজা আহমেদ এবং মামলার দ্বিতীয় আসামি বাংলাদেশ ইসলামী আন্দোলনের দৌলতপুর উপজেলা শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩০ জুন) কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এনায়েতুল কবির শুনানি শেষে এ আদেশ দেন। আদালত সূত্র জানায়, হত্যা মামলায় উচ্চ আদালত থেকে প্রাপ্ত ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ ২৯ জুন শেষ হয়। এরপর মঙ্গলবার দুই আসামি কুষ্টিয়া জেলা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে ১৯ মে উচ্চ আদালত মামলার প্রধান আসামি মুহাম্মদ খাজা আহমেদ এবং দ্বিতীয় আসামি আসাদুজ্জামান আসাদকে ছয় সপ্তাহের জামিন প্রদান করেছিলেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১১ এপ্রিল দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে পীর শামীম জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমানের দরবারে পবিত্র কুরআন অবমাননার অভিযোগ এনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় তাকে পিটিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় ১৩ এপ্রিল নিহতের বড় ভাই মো. ফজলুর রহমান বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় মুহাম্মদ খাজা আহমেদকে প্রধান আসামি করে তিনজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১৮০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।