Home খেলাধুলা রোনালদো আমাদের গেম প্ল্যানের শেষ চাল: পর্তুগাল কোচ

রোনালদো আমাদের গেম প্ল্যানের শেষ চাল: পর্তুগাল কোচ

0

স্পোর্টস ডেস্ক।।

কঙ্গোর বিপক্ষে প্রথম ম্যাচে হতাশাজনক ড্রয়ের পর থেকেই ৪১ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদোর পারফরম্যান্স ও দলে তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছিল।

তবে উজেবেকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অধিনায়কের পাশে শক্ত হয়ে দাঁড়ালেন পর্তুগালের স্প্যানিশ কোচ রবার্তো মার্তিনেজ।

সমালোচকদের কড়া জবাব দিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রোনালদো এখনো তাদের কৌশলের সবচেয়ে বড় অস্ত্র। হিউস্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মার্তিনেজ বলেন, ‘প্রতিপক্ষের ডি-বক্সে কীভাবে ঢুকতে হবে, সেই স্পষ্ট ধারণা থাকা যেমন জরুরি; ঠিক তেমনি একদম শেষ মুহূর্তে ফাঁকা জায়গা তৈরি করতে পারে এমন একজন খেলোয়াড় থাকাও সমান গুরুত্বপূর্ণ। আর রোনালদো এই কাজে বিশ্বের সেরা। তার সেই মুভমেন্ট এবং ফাইনাল টাচ দেওয়ার অসামান্য ক্ষমতা রয়েছে। পর্তুগাল দলের বর্তমান খেলার ধরনে সে হচ্ছে আমাদের গেম প্ল্যানের শেষ চাল।’

একই সঙ্গে তিনি সিআরসেভেন-কে ফুটবলের এক অনন্য ‘আইকন’ হিসেবেও আখ্যা দেন।

২০২৩ সাল থেকে সৌদি আরবের লিগে খেলা এই মহাতারকাকে নিয়ে প্রথম ম্যাচের পর থেকে পর্তুগিজ সংবাদমাধ্যমগুলোতে সমালোচনার ঝড় বইছে। তবে মার্তিনেজ এই সমালোচনাকে দলের ভেতর ঢুকতে দিতে নারাজ। তিনি বলেন, ‘আশানুরূপ ফলাফল না এলে সমালোচনা হওয়াটাই স্বাভাবিক। তবে এটা আমাদের দৈনন্দিন কাজের অংশ নয়। এই ধরণের নেতিবাচক কথা আমাদের ড্রেসিংরুমে কোনো প্রভাব ফেলে না।’

জাতীয় দলের হয়ে ২২৯ ম্যাচে রেকর্ড ১৪৩টি গোল করা এই পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা সম্পর্কে মার্তিনেজ আরও বলেন, ‘রোনালদো একজন অভিজ্ঞ অধিনায়কের মতো আচরণ করছে। এটি তার ষষ্ঠ বিশ্বকাপ। দীর্ঘ ২১টি মৌসুম ধরে সে জাতীয় দলের প্রতিনিধিত্ব করছে। এখনও দলে অবদান রাখার এবং নিজেকে আরও উন্নত করার এক অবিশ্বাস্য ক্ষুধা রয়েছে তার মাঝে।’

অবশ্য মঙ্গলবার উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচে রোনালদো শুরু থেকেই খেলবেন কি না তা নিশ্চিত করেননি কোচ। মার্তিনেজের নীতি অনুযায়ী, খেলোয়াড়দের জানানোর আগে তিনি কখনোই শুরুর একাদশ সংবাদমাধ্যমে প্রকাশ করেন না।

আগামী ম্যাচ নিয়ে পর্তুগাল কোচ সতর্কবার্তা দিয়ে বলেন, উজবেকিস্তান মোটেও সহজ প্রতিপক্ষ হবে না। তাদের রক্ষণভাগ অত্যন্ত সুসংহত এবং তাদের কোচও বেশ অভিজ্ঞ।

অন্যদিকে, উজবেকিস্তানের ইতালিয়ান কোচ ফ্যাবিও ক্যানাভারো স্বীকার করেছেন যে, পর্তুগালের মতো শক্তিশালী মধ্যমাঠ এবং ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় রোনালদোর মুখোমুখি হওয়াটা ভীষণ কঠিন। তবে কলম্বিয়ার কাছে ৩-১ ব্যবধানে হারা ম্যাচের স্মৃতি ভুলে তার দল কোনো ‘ভয়’ না পেয়ে, আরও বেশি আক্রমণাত্মক ও লড়াকু মনোভাব নিয়ে মাঠে নামবে বলে হুঙ্কার দিয়েছেন এই বিশ্বকাপজয়ী সাবেক ডিফেন্ডার।