স্টাফ রিপোর্টার।।
দৈনিক সমকাল ও চ্যানেল ২৪-এর খুলনা ব্যুরো প্রধান মামুন রেজার প্রথম মৃত্যুবার্ষিকী আগামীকাল শনিবার (২০ জুন)। ২০২৫ সালের এই রাতে আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন তিনি। মাত্র ৪৫ বছর বয়সে তার এই অকাল প্রয়াণে সহকর্মীদের মাঝে যে শোকের ছায়া নেমে এসেছিল, তা আজও বিরাজমান।
বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী মামুন রেজা প্রতিষ্ঠালগ্ন থেকেই সমকাল ও চ্যানেল ২৪-এর খুলনা ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি দৈনিক যুগান্তরের খুলনা ব্যুরোতে স্টাফ রিপোর্টার হিসেবেও কর্মরত ছিলেন।
মামুন রেজা সাংবাদিকদের বিভিন্ন মর্যাদাশীল সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। তিনি চারবার খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দুবার খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি এবং খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।










































