স্পোর্টস ডেস্ক।।
আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকেই ২০২৬ বিশ্বকাপে সেরা পারফরমারদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের ক্রীড়াবিষয়ক গণমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ গ্রুপ পর্বের প্রথম রাউন্ড শেষে নিজেদের মূল্যায়নে আর্জেন্টিনা অধিনায়ককে এক নম্বরে রেখেছে।
নিউইয়র্ক টাইমস গ্রুপের মালিকানাধীন দ্য অ্যাথলেটিক নিজেদের পারফরম্যান্স মডেল দিয়ে এই তালিকা তৈরি করেছে। সেখানে পরিসংখ্যানের পাশাপাশি খেলোয়াড়দের ব্যক্তিগত পারফরম্যান্সও বিবেচনায় নেওয়া হয়েছে।
টুর্নামেন্ট শুরুর আগে তালিকার শীর্ষে ছিলেন না মেসি। তবে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনাকে জেতানোর পথে হ্যাটট্রিক করে তিনি এক লাফে ২৪ ধাপ এগিয়ে এক নম্বরে উঠে আসেন।
ওই ম্যাচে হ্যাটট্রিক করে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় মিরোস্লাভ ক্লোসার রেকর্ডও ছুঁয়েছেন মেসি। দ্য অ্যাথলেটিক লিখেছে, ‘৩৯ বছর বয়সেও এই মঞ্চে আলো ছড়ানোর সামর্থ্য দেখিয়ে চলেছেন মেসি। ’
তালিকার দ্বিতীয় স্থানে আছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-২ গোলের জয়ে জোড়া গোল করেন তিনি। শুধু গোল নয়, আক্রমণ গড়া এবং রক্ষণে অবদান রাখার জন্যও প্রশংসা পেয়েছেন কেইন। তৃতীয় স্থানে আছেন ফ্রান্সের মাইকেল ওলিসে। সেনেগালের বিপক্ষে ফ্রান্সের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই মিডফিল্ডার। প্রথম গোল তৈরির পাশাপাশি দিদিয়ে দেশমের দলের সৃজনশীল খেলাতেও বড় অবদান ছিল তার।
ওলিসের সতীর্থ কিলিয়ান এমবাপ্পে আছেন চতুর্থ স্থানে। জোড়া গোল করার পাশাপাশি ফ্রান্সের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি।
ব্রাজিলিয়ানদের মধ্যে সবচেয়ে ওপরে আছেন ভিনিসিয়ুস জুনিয়র। রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড আছেন নবম স্থানে। মরক্কোর বিপক্ষে ব্রাজিলের সমতাসূচক গোলটি করেন তিনি। কার্লো আনচেলত্তির দলের আক্রমণে সবচেয়ে বড় হুমকি হিসেবেও তাকে উল্লেখ করেছে দ্য অ্যাথলেটিক।
তালিকায় জায়গা পেয়েছেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়াও। স্পেনের বিপক্ষে ঐতিহাসিক ড্রয়ে নায়ক ছিলেন ৪০ বছর বয়সী এই গোলরক্ষক। তাকে রাখা হয়েছে ৫০তম স্থানে। টুর্নামেন্টের এখন পর্যন্ত অন্যতম প্রতীকী চরিত্র হিসেবেও তাকে বর্ণনা করেছে প্রকাশনাটি।
শীর্ষ দশে মেসি, কেইন, ওলিসে, এমবাপে ও ভিনিসিয়ুসের সঙ্গে আছেন নরওয়ের আর্লিং হলান্ড, কলম্বিয়ার লুইস দিয়াস, মরক্কোর আশরাফ হাকিমি, জার্মানির জশুয়া কিমিখ ও ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম।
ভিনিসিয়ুস ছাড়াও ব্রাজিল থেকে তালিকায় আছেন গাব্রিয়েল মাগালিয়াইস। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে ব্রাজিলের রক্ষণ নিয়ে সমালোচনা থাকলেও আর্সেনালের এই ডিফেন্ডার জায়গা পেয়েছেন ৪১তম স্থানে











































