স্পোর্টস ডেস্ক।।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লাল কার্ড দেখে শাস্তির মুখে পড়েছেন দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার থেম্বা জোয়ানে। ফাউলের মাত্রা বিবেচনা করে ফিফার ডিসিপ্লিনারি কমিটি তাকে আগামী তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। মেক্সিকোর বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ২-০ গোলে হারে দক্ষিণ আফ্রিকা।
মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচের ৮৪ মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডার রবার্তো আলবারাডোর মুখে আঘাত করে বসেন জোয়ানে। ব্রাজিলিয়ান রেফারি উইলটন সাম্পাইও কোনো দ্বিধা ছাড়াই সরাসরি লাল কার্ড উঁচিয়ে তাকে মাঠ ছাড়ার নির্দেশ দেন। ৩৬ বছর বয়সী জোয়ানে বদলি বেঞ্চ থেকে মাঠে নামার মাত্র ২০ মিনিটের মাথায় এই কাণ্ড ঘটিয়ে বসেন।
জোয়ানের এই লাল কার্ডের ম্যাচের শেষ দিকে ৯ জনের দলে পরিণত হয়েছিল দক্ষিণ আফ্রিকা। কারণ, ম্যাচের শুরুতেই দলটির আরেক মিডফিল্ডার শেফেলো সিথোলে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন, যা ছিল ২০২৬ বিশ্বকাপের প্রথম লাল কার্ড।
জোয়ানের নিষেধাজ্ঞা নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার বেলজিয়ান কোচ হুগো ব্রুস।
তিনি বলেন, ‘দ্বিতীয় লাল কার্ডের বিষয়টি নিয়ে আলোচনা করাই যায়। মেক্সিকান খেলোয়াড়টি আমাদের খেলোয়াড়কে ব্লক করেছিল। তবে রেফারির দৃষ্টিকোণকে সম্মান জানিয়ে এটি আমাদের মেনে নিতেই হবে। কিন্তু আমার মনে হয়, এই ঘটনায় সরাসরি লাল কার্ড এড়ানো যেত।’
তবে প্রথম লাল কার্ডটি নিয়ে প্রোটিয়া কোচের কোনো আপত্তি নেই। সিথোলের ফাউল প্রসঙ্গে হুগো ব্রুস বলেন, ‘প্রথম লাল কার্ডের সিদ্ধান্তটি সঠিক ছিল। মেক্সিকোর খেলোয়াড় একাই গোলের দিকে এগিয়ে যাচ্ছিলেন এবং সিথোলে তাঁকে ফাউল করে আটকেছে। আমি এটা মেনে নিচ্ছি।’
তবে ফিফা জানিয়েছে, এই সাজার বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবে দক্ষিণ আফ্রিকা ফুটবল ফেডারেশন।











































