বিনোদন ডেস্ক।।
না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী সঞ্চিতা উগালে। রোববার সন্ধ্যায় ভারতের মুম্বাইয়ের নালাসোপাড়ায় নিজ বাসভবন থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত্যুকালে সঞ্চিতার বয়স হয়েছিল মাত্র ২২ বছর। প্রাথমিক তদন্তে পুলিশ বলছে, অভিনেত্রী সঞ্চিতা আত্মহত্যা করেছেন।
আচোলে থানার সহকারী পুলিশ পরিদর্শক বিনোদ বাঘ ভারতীয় গণমাধ্যমকে জানান, সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে নিজের শোবার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন সঞ্চিতা। পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সঞ্চিতাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে এমন মর্মান্তিক সিদ্ধান্ত নিয়েছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। অভিনেত্রীর বাবা মচ্ছিন্দ্র উগালের অভিযোগের ভিত্তিতে ১৫ জুন ‘অ্যাক্সিডেন্টাল ডেথ রিপোর্ট’ (এডিআর) নথিভুক্ত করেছে পুলিশ।
মৃত্যুর আগে সামাজিক মাধ্যমে সঞ্চিতার শেষ পোস্টও নজর কেড়েছে তাঁর অনুরাগীদের। শনিবার একটি রিল পোস্ট করেছিলেন তিনি, সেখানে খুব হাসিখুশি ভাবেই ক্যামেরার সামনে এসেছিলেন অভিনেত্রী। একটি প্রাণবন্ত গানের সঙ্গে নাচতে দেখা গিয়েছিল তাকে। সেই ভিডিওর মন্তব্যে শোকপ্রকাশ করছেন অভিনেত্রীর অনুরাগীরা। অনেকেই প্রশ্ন তুলছেন, ঠিক কী হয়েছিল! ওই রিলটি পোস্ট করার মাত্র ১৮ ঘণ্টা পরেই তাঁর মৃত্যুর খবর সামনে আসে।
অল্প সময়েই টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটি প্ল্যাটফর্মে নিজের অবস্থান তৈরি করেছিলেন সঞ্চিতা উগালে। ‘কুমকুম ভাগ্য’ ধারাবাহিকে দিয়া ট্যান্ডন চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের নজর কাড়েন। এ ছাড়া ‘ওয়াগলে কি দুনিয়া’তে রুচিতা চরিত্রেও অভিনয় করে ব্যাপক প্রশংসা পান তিনি।
ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও ছোট চরিত্রে কাজ করেছেন সঞ্চিতা। ‘ছাবা’ সিনেমায় ভিকি কৌশলের অভিনীত চরিত্রের সঙ্গে যুক্ত তারা রানির কনিষ্ঠ বয়সের ভূমিকায় অভিনয় করেন তিনি। সূত্র: এনডিটিভি











































