স্পোর্টস ডেস্ক।।
দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রাঙ্গণে আগামী বিশ্বকাপ ফুটবল উপলক্ষে এক ব্যতিক্রমী আয়োজনের উদ্বোধন করা হয়েছে।
বিশ্বকাপ চলাকালীন ক্লাবের আনুষ্ঠানিক ফেসবুক পেজ থেকে দেশের ফুটবল সংশ্লিষ্টদের নিয়ে নিয়মিত ‘বিশ্বকাপ আড্ডা’ সম্প্রচারিত হবে।
বৃহস্পতিবার (১১ জুন) ক্লাব প্রাঙ্গণে এই বিশেষ অনুষ্ঠানের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।
নিজের ফুটবল ক্যারিয়ারের শুরুর দিকের ক্লাব হওয়ায় মোহামেডানের প্রতি আলাদা আবেগ কাজ করে প্রতিমন্ত্রীর।
ক্লাবের এমন আমন্ত্রণে সাড়া দিয়ে অনুষ্ঠানে উপস্থিত হয়ে আপ্লুত কণ্ঠে তিনি বলেন, ‘মোহামেডান আমার আবেগের জায়গা। এখান থেকেই আমার ক্যারিয়ারের হাতেখড়ি হয়েছিল।
পরবর্তীতে মোহামেডান থেকে ফরাশগঞ্জে যাই এবং এরপরই জাতীয় দলে ডাক পাই। আমার ক্যারিয়ার গঠনে মোহামেডানের শুরুর দিকের সময়গুলো অনেক বড় ভূমিকা রেখেছে। ‘
বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নিলেও এদেশের মানুষের ফুটবল উন্মাদনা বিশ্বজুড়ে বরাবরই আলোচিত। এ প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বিশ্বকাপ পর্যায়ে হয়তো খেলি না, কিন্তু আমাদের ফুটবলের প্রতি ভালোবাসা এবং আমাদের সমর্থকরা বিশ্বের সেরা।’ দেশে বিশ্বকাপের এই তুমুল উন্মাদনার উদাহরণ দিতে গিয়ে তিনি নিজের পরিবারের একটি মজার গল্পও শোনান। তিনি জানান, দিন শেষে বাসায় ফেরার পর তার স্ত্রী বলছিলেন এবার ব্রাজিলের কোনো সুযোগ নেই। তার স্ত্রী ও মেয়ে মূলত আর্জেন্টিনার সমর্থক এবং তারা ব্রাজিলকে নিয়ে প্রায়ই এমন খুনসুটিতে মেতে ওঠেন বলে জানান তিনি। মোহামেডানের ফেসবুক পেজে সম্প্রচারিতব্য ‘বিশ্বকাপ আড্ডা’র এই উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাবের সভাপতি বরকতউল্লাহ ভুলু, ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূইয়া, একাধিক পরিচালক, স্থায়ী সদস্য এবং ক্লাবের সাবেক তারকা ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানের শুরুতে সাবেক সচিব ইকবাল উদ্দিনকে ক্লাবের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। উল্লেখ্য, তিনি যখন গণপূর্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন, ঠিক সেই সময়েই মোহামেডান ক্লাব মতিঝিলের বর্তমান জায়গাটি বরাদ্দ পেয়েছিল।










































