Home স্বাস্থ্য ডায়াবেটিক রোগীরা কি সুজি খেতে পারবেন? জেনে নিন সঠিক নিয়ম

ডায়াবেটিক রোগীরা কি সুজি খেতে পারবেন? জেনে নিন সঠিক নিয়ম

4

মিলি রহমান।।

ডায়াবেটিস হলে ভাত বা রুটি— কোনটা খাওয়া ভালো, তা নিয়ে অনেকের মনেই দ্বিধাদ্বন্দ্ব থাকে। তবে সকাল বা বিকালের নাশতায় সুজির তৈরি হালুয়া বা দোসা অনেকেই পছন্দ করেন।

গম থেকে তৈরি এই সুজি ডায়াবেটিক রোগীদের জন্য কতটা উপকারী বা ক্ষতিকর, তা জানা জরুরি।

সুজির পুষ্টিগুণ ও ডায়াবেটিসে এর প্রভাব
সুজি তৈরি হয় গম থেকে। তবে এটি ভাঙানোর সময় ভুসি ও গমের অঙ্কুর বাদ দেওয়া হয়। ফলে সুজিতে কার্বোহাইড্রেট ও প্রোটিন থাকলেও ফাইবারের (আঁশ) পরিমাণ থাকে বেশ কম।

সহজপাচ্য: ফাইবার কম থাকায় সুজি খুব দ্রুত ও সহজে হজম হয়। যাদের হজমের সমস্যা আছে, তাদের জন্য এটি ভালো।

রক্তে শর্করার ঝুঁকি: ফাইবারের পরিমাণ কম এবং গ্লাইসেমিক ইনডেক্স (৫৪ থেকে ৬৬) বেশি হওয়ার কারণে সুজি খেলে রক্তে শর্করার (সুগার) মাত্রা হঠাৎ বেড়ে যেতে পারে।

ওজন বৃদ্ধির আশঙ্কা: সুজিতে ক্যালরি ও কার্বোহাইড্রেট বেশি থাকে।

তাই এটি বেশি খেলে বা ভাজাভুজি করে খেলে ওজন বাড়ার ঝুঁকি থাকে।
কোন উপায়ে সুজি খেলে ক্ষতি কম?
ডায়াবেটিক রোগীদের সুজি খাওয়া একেবারে বারণ নয়, তবে খাওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম মানতে হবে:

১। খালি পেটে না খাওয়া: ডায়াবেটিক রোগীদের খালি পেটে সুজি না খাওয়াই ভালো।

২। সবজি ও প্রোটিন মেশানো: সুজির সঙ্গে ফাইবার ও প্রোটিন জাতীয় খাবার যোগ করলে রক্তে সুগার বাড়ার ঝুঁকি কমে।

যেমন— প্রচুর সবজি দিয়ে উপমা বানিয়ে খাওয়া যেতে পারে। পাশাপাশি ডিম সেদ্ধ বা ডাল রাখা যেতে পারে।
৩। মিষ্টি পরিহার: চিনি বা গুড় দিয়ে সুজির হালুয়া বানিয়ে খাওয়া ডায়াবেটিক রোগীদের জন্য বেশ বিপজ্জনক।

৪। পরিমাণ নিয়ন্ত্রণ: সুজি পুষ্টিকর হলেও তা পরিমিত পরিমাণে খেতে হবে। অতিরিক্ত খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যাবে।