ঢাকা অফিস।।
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায়ের পর সন্তোষ প্রকাশ করেছেন রামিসার বাবা আবদুল হান্নান মোল্লা।
রোববার (৭ জুন) রায় ঘোষণার পর তিনি বলেন, “মাননীয় বিচারপতি যে রায় দিয়েছেন, সেই রায়ের প্রতি আমি সম্পূর্ণ সন্তুষ্ট। আমাদের রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী যে আশ্বাস দিয়েছিলেন, সেই সময়ের মধ্যেই আমি আমার মেয়ে হত্যার বিচার পেয়েছি।”
রামিসার বাবা আরও বলেন, বিচার দ্রুত সম্পন্ন হওয়ায় তিনি কৃতজ্ঞ। একই সঙ্গে তিনি রায় দ্রুত কার্যকরের দাবি জানান।
উল্লেখ্য, গত ২১ মে রামিসার পরিবারের সঙ্গে দেখা করতে তাদের বাসায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সে সময় তিনি ধর্ষণ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।
এর আগে রোববার সকালে রায় ঘোষণার জন্য দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনকে কারাগার থেকে ঢাকা মহানগর আদালতে আনা হয়। সকাল ৮টা ৫০ মিনিটে সোহেল রানাকে এবং সকাল ৮টা ৩০ মিনিটে স্বপ্না খাতুনকে আদালতের হাজতখানায় রাখা হয়।
রামিসা হত্যাকাণ্ডের ১৯ দিনের মাথায় এ মামলার রায় ঘোষণা করা হলো।
গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর মূল অভিযুক্ত সোহেল রানা ওই ফ্ল্যাটের শৌচাগারের গ্রিল ভেঙে পালিয়ে যান। পরে বাসা থেকে তার স্ত্রী স্বপ্নাকে আটক করে পুলিশ। একই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় ২০ মে ভুক্তভোগীর বাবা আবদুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেন।











































